শার্শায় যুবতীসহ পাচারকারী আটক
প্রতীকী ছবি
যশোরের শার্শার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকা থেকে যুবতীসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। শনিবার সকালে নাভারণ সাতক্ষীরা মোড় মুসলিম হোটেল থেকে তাদের আটক করা হয়।
পাচারকারী শফি উদ্দিন বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং ওই যুবতীর বাড়ি কিশোরগঞ্জ জেলার রাজপুন্ডি গ্রামে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক শরিফুল ইসলাম জানান, নাভারণ-সাতক্ষীরা মোড় মুসলিম হোটেল থেকে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা নিয়েই এ যুবতীকে আনা হয়েছে।
পাচারের উদ্দেশ্যে আনা ওই যুবতী জানান, ভারতে ভালো চাকরি দেয়ার কথা বলে তাকে এলাকার এক দালালের মাধ্যমে পাচারকারী শফি উদ্দিনের কাছে দেয়া হয়। নাভারণ সাতক্ষীরা মোড় মুসলিম হোটেলে খাবার খাওয়ার সময় যশোর ডিবি পুলিশ তাদের আটক করে।
এ ঘটনার সঙ্গে বেনাপোল সীমান্ত এলাকার সাদীপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে লাল্টু নামে অপর এক পাচারকারী জড়িত রয়েছে বলেও ওই যুবতি জানান।
এ ব্যাপারে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাসমী জানান, তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতিও চলছে।
জামাল হোসেন/এফএ/এমএস