ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিকরগাছায় আ.লীগের বিদ্রোহী প্রার্থীর উপর হামলা

প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৭ এপ্রিল ২০১৬

যশোরের ঝিকরগাছায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার রাতে উপজেলার মাস্টার স` মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রোববার সকালে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার ইসতিয়াক আহমেদ রয়েল (৩৮) ঝিকরগাছা সদর ইউনিয়নের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক। তিনি লাউজানি এলাকার আব্দুল মজিদ মাস্টারের ছেলে।

হামলার শিকার ইসতিয়াক আহমেদ রয়েল জানান, শনিবার রাতে স্থানীয় সন্ত্রাসী শাহীন ও সেলিমের নেতৃত্বে জালাল, সোহাগ, আজাদসহ ১৯/২০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় তারা তাকে বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এরপর রোববার সকালে সেখান থেকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরে রাতে তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন এবং মামলার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৭ মে এই ইউনিয়নসহ বিঝরগাছা উপজেলার সবগুলো ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে।

এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ জানান, দুপুর পর্যন্ত এ বিষয়ে পুলিশকে কেউ কিছু জানায়নি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

মিলন রহমান/এআরএ/এবিএস