ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে অপহরণের শিকার মাদরাসা ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৭ এপ্রিল ২০১৬

যশোরে অপহরণের অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক ও অপহরণের শিকার মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার শিকার মুমতাহীনা (১৪) যশোরের সদর উপজেলার জয়ন্তা গ্রামের আব্দুল মজিদের মেয়ে ও ধলেরগালি মহিলা মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী। আটক শামিমুর রুবেল (২১) সদর উপজেলার শাখারিগাতি গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র।

শনিবার বিকেলে অপহরণের পর রোববার সকালে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।
 
যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাফর আহমদে জানান, মাদরাসা ছাত্রী মুমতাহীনাকে শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে রুবেলসহ তার সহযোগীরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর ওই মেয়ের পরিবার বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ অভিযোগ তদন্ত করে ও গোপন সূত্রে খবর পেয়ে রোববার সকালে বাঘারপাড়ার তেঘরি গ্রামে অভিযান চালায়। ওই গ্রাম থেকে পুলিশ মুমতাহীনাকে উদ্ধার ও অভিযুক্ত রুবেলকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মিলন রহমান/ এমএএস/এবিএস