ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:১৮ পিএম, ১৮ এপ্রিল ২০১৬

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তের অদূরে ত্রিপুরা রাজ্যের সোনামুড়া থানার বাটাজোলা এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত কাজী খোরশেদ আলমের (২২) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ ও বিএসএফের কর্মকর্তারা।

সোমবার বিকেলে বুড়িচং উপজেলার ১০ বিজিবির শংকুচাইল ক্যাম্পের আওতাধীন খারেরা বিওপির পাশে দু’দেশের পুলিশ ও বিজিবির কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে কুমেক হাসপাতাল মর্গে নিহতের ২য় দফায় ময়নাতদন্ত শেষে বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।
 
পুলিশ জানায়, ভারতে নিহতের ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে ১০ বিজিবির খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০৬৮/২-এস নিকটবর্তী আনন্দপুর নোয়াপাড়া নামক স্থান দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। ভারতের সোনামুড়া থানা পুলিশ থেকে মরদেহ গ্রহণ করেন বিজিবির খারেরা বিওপির নায়েব সুবেদার মোসলেহ উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ মাহবুব, বিজিবির বিবির বাজার কোম্পানি কমান্ডার সুবেদার শওকত আলী, বুড়িচং থানা পুলিশের ওসি উত্তম কুমার বড়ুয়া, বিএসএফের কোম্পানি কমান্ডার এয়ার ভৌমিক ও সোনামুড়া থানার এসআই তপন দাস।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, ওই যুবকের হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তার মরদেহ পাওয়া গেছে সীমান্তের ওপারে ভারতে। তাই বাংলাদেশে তার মরদেহ ফিরিয়ে আনার পর বিকেলে কুমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষ করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
 
এর আগে গত শুক্রবার থেকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কাজী আবদুল মতিনের ছেলে কাজী খোরশেদ আলম নিখোঁজ ছিল।

রোববার দুপুরের দিকে বাড়ির অদূরে ভারত সীমান্তবর্তী ত্রিপুরা রাজ্যের সোনামুড়া থানার বাটাজোলা এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের লোকজন ওইস্থানে গিয়ে লাশটি কাজী খোরশেদ আলমের বলে সনাক্ত করে। পরে সোনামুড়া থানা পুলিশ ও কুমিল্লা জেলা পুলিশের উপস্থিতিতে দুই দেশের পুলিশ নিহতের পৃথক ২টি সুরতহাল তৈরি করার পর বিকেলে সোনামুড়া পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
কামাল উদ্দিন/ এমএএস/পিআর