২৮ বছর ইমামতির পর রাজকীয় বিদায়
শরীয়তপুরের ভেদরগঞ্জে ২৮ বছর ইমামতি শেষে ক্বারি মো. নুরুল ইসলাম (৫০) নামের এক ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বেশে বিদায় দিয়েছেন এলাকাবাসী। এসময় সম্মান জানিয়ে তার হাতে নগদ দুই লাখ টাকা হাদিয়া ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদ এ সম্মাননার আয়োজন করা হয়।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্র জানায়, দীর্ঘ ২৮ বছর আগে ৪০০ টাকা বেতনে পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদে ইমামতি শুরু করেন ময়মনসিংহের মুক্তাগাছার বাসিন্দা ক্বারি মো. নুরুল ইসলাম। মসজিদটি একসময় টিনের তৈরি একচালা বিশিষ্ট থাকলেও ধীরে ধীরে সেটি পাকা ভবনে রূপান্তরিত হয়। বর্তমানে মসজিদটিতে সাত তলা বিশিষ্ট একটি মিনারের কাজ চলমান রয়েছে।
ইমাম নুরুল ইসলাম অবসর নেওয়ার কথা জানালে স্থানীয় লোকজন ও মসজিদ কমিটি তার জন্য রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করে। পরে শনিবার সকালে তাকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায় জানানো হয়। এসময় সম্মানি হিসেবে তার হাতে নগদ দুই লাখ টাকা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিদায় বেলায় এমন সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে উঠেন ক্বারি মো. নুরুল ইসলাম।
আব্বাস উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ছোট বেলা থেকে তার কাছে কোরআন ও দ্বীনি শিক্ষা নিয়েছি। তিনি আমাদের অনেক স্নেহ করতেন। তার বিদায় বেলায় আমাদের অনেক খারাপ লাগছে। তবে তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুন।

ক্বারি মো. নুরুল ইসলাম বলেন, জীবনের দীর্ঘ একটি সময় এ মসজিদটিতে ইমামতি করেছি। আমার কাছে অনেকেই কোরআন শিখেছেন। আজ আমার বিদায় বেলায় স্থানীয়রা যে সম্মান দেখিয়েছেন তা আমি কখনো ভুলবো না। আমি সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি সবাই যেন ভালো থাকেন। আর সবাই আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া রাখবেন।
পাপরাইল দিঘির পূর্বপাড় বায়তুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি মো. সোবহান সরদার বলেন, তিনি ছিলেন আমাদের আত্মার-আত্মীয়। তাকে বিদায় দিতে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। ক্বারি সাহেব আমাদের ও আমাদের সন্তানদের দীর্ঘ ২৮ বছর ইসলামের শিক্ষায় আলোকিত করেছেন। আল্লাহ যেন তাকে ভালো রাখে এটাই প্রত্যাশা করি।
বিধান মজুমদার অনি/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ২ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৩ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৪ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু
- ৫ চার দশক প্রবাসে কাটানো রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি