আ.লীগের মনোনয়নের নামে ৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে ইউপি নির্বাচনে আ.লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার নামে মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে।
বুধবার দুপুরে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী, ভুক্তভোগী ও তাদের কর্মী-সমর্থকরা। পরে ওই টাকা ফেরতের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাকিম চেয়ারম্যান অভিযোগ করে বলেন, আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ২২ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার আশ্বাসে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা হাতিয়ে নেন। পরে তৃণমূলের মতামত ছাড়াই তার একক স্বাক্ষরে ও মনগড়া পছন্দের লোকদের প্রস্তাবিত তালিকা কেন্দ্রে জমা দেন। অনেকেই এখন টাকা ফেরত পেতে ওই আওয়ামী লীগ নেতার ঢাকার অফিস ও বাসায় ভিড় করছেন।
টনকী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক জাকির হোসেন সরকার বলেন, দলীয় মনোনয়ন দেয়ার আশ্বাসে জাহাঙ্গীর সরকার আমার কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নিলেও পরে ৭০ লাখ টাকার বিনিময়ে বিএনপি-জামায়াত সমর্থক অন্য একজনের নাম কেন্দ্রে পাঠিয়েছেন। আমি টাকা ফেরৎ চাইলে এখন উল্টো আমাকে হুমকি দিচ্ছেন।
ইউপি চেয়ারম্যান ওমর ফারুক অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর আলম সরকার আমার কাছ থেকে মনোনয়ন দেয়ার আশ্বাসে ১০ লাখ টাকা নিয়েছেন। কিন্তু আমার নাম কেন্দ্রে পাঠাননি এবং টাকাও ফেরত দিচ্ছেন না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস আলী, বাচ্চু মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুর রহিম, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুল আলম সাধন, ইউনিয়ন আ.লীগের সভাপতি শরীফুল ইসলাম চেয়ারম্যান, ওমর ফারুক চেয়ারম্যান, সুমন আহমেদ সরকার, ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন ও ছাত্রলীগ নেতা ওমর ফারুকসহ প্রমুখ।
পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় আরো অনেকেই টাকা ফেরতের দাবি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তৃণমূলের মনোনীত প্রার্থীদেরকে মনোনয়ন দেয়া হবে, এক্ষেত্রে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
কামাল উদ্দিন/এফএ/এবিএস