কুমিল্লায় লাগেজে মিললো যুবকের মরদেহ
কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তার পাশে পড়ে থাকা লাগেজ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী সড়কের তুগুড়িয়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার মরদেহ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তুগুড়িয়া এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি লাগেজ ঘিরে মাছি ভনভন করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই স্থানে গিয়ে লাগেজটি খুলে মরদেহ উদ্ধার করে। এরপর বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে লাগেজে থাকা মরদেহ গলায় গামছা পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। ৩/৪দিন আগে ওই যুবককে হত্যার পর মরদেহ লাগেজে করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কামাল উদ্দিন/এআরএ/এমএস