চিকিৎসার নামে স্ত্রীর সম্ভ্রমহানি, কবিরাজকে ছুরিকাঘাতে হত্যা
চুয়াডাঙ্গায় আব্দুর রাজ্জাক রাজাই (৫০) নামের এক কবিরাজকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামি রুবেল মিয়া (২৩) ও তার সহযোগী সোহেল রানাকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান।
সম্ভ্রমহানির প্রতিশোধ নিতে আসামিরা আব্দুর রাজ্জাককে হত্যা করেন বলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সদর উপজেলার সুবদিয়া গ্রামের আব্দুর সেলিমের ছেলে রুবেল মিয়া ও একই এলাকার আনিসের ছেলে সোহেল রানা (২০)। এ ঘটনায় ব্যবহৃত ধারালো চাকু, মোটরসাইকেল ও ভিকটিমের ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আব্দুর রাজ্জাক কবিরাজি করে মানুষের চিকিৎসা দিতেন। আসামি রুবেল মিয়া ও তার স্ত্রী চিকিৎসার জন্য তার কাছে যান। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় আব্দুর রাজ্জাক জিনের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা বলে রুবেল ও তার স্ত্রীকে সদর থানার হোগলডাঙ্গা গ্রামের নবগঙ্গা ব্রিজ এলাকায় পান বরজের কাছে নির্জন জায়গায় নিয়ে যান। পরে আসামিকে সিগারেট আনতে দোকানে পাঠান। কিছুক্ষণ পরে রুবেল মিয়া ফিরে এসে কবিরাজ রাজ্জাক ও তার স্ত্রীকে খুঁজে পাননি। পরে তিনি স্ত্রীর মোবাইলে কল দিলে বন্ধ পান।
খোঁজাখুঁজির একপর্যায়ে স্ত্রীকে দেখে রুবেল মিয়ার সন্দেহ হয়। পরে বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন আব্দুর রাজ্জাক কবিরাজি চিকিৎসার দেওয়ার নামে তার সম্ভ্রমহানি করেছেন। পরে ওই রাতেই রুবেল তার সহযোগী সোহেল রানাকে সঙ্গে নিয়ে কৌশলে আব্দুর রাজ্জাককে ডেকে নেন। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন। শনিবার (১ জুন) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদহ-জুগিরহুদা রাস্তার পাশে মাঠ থেকে আব্দুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
হুসাইন মালিক/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা