ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জন্মের আধাঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় নবজাতকের মৃত্যু

প্রকাশিত: ০২:০৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

কুমিল্লায় ভূমিষ্ঠ হওয়ার আধাঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক নবজাতক। এ ঘটনায় অন্তত আরো সাতজন আহত হয়েছেন। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দাউদকান্দির দড়ানিপাড়া গ্রামের নূরজাহান (৩৬), দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আলী আশরাফের ছেলে আলাউদ্দিন (২১), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মকবুল (২৩), হাসপাতালের ওয়ার্ড বয় শাহিন (১৭), অ্যাম্বুলেন্স চালক দেবিদ্বার উপজেলার দাড়িয়াপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মাহাবুব (২৭), হেলপার বাবুটিপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে সাইফুল (২২) ও নবজাতকের নানী (৫৬)।

আহত নুরজাহান ও আলাউদ্দিনসহ চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, দাউদকান্দি উপজেলার দড়ানিপাড়া গ্রামের সৌদি প্রবাসী হাসানের স্ত্রী রূপালী বেগম ভোরে প্রসব ব্যথা অনুভব করেন। পরে তাকে চান্দিনার মেডিকেয়ার নামে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তিনি সন্তানের জন্ম দেন।

ভূমিষ্ঠ হওয়া ওই নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মা ও শিশুকে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা গেট সংলগ্ন এলাকায় বিপরীত দিকে থেকে আসা বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে জন্মের আধা ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এ ঘটনায় আহত হন আরো সাতজন।  

কামাল উদ্দিন/এআরএ/পিআর