ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় লাগেজে পাওয়া যুবকের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৬

কুমিল্লার নাঙ্গলকোটে লাগেজে পাওয়া যুবকের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম সালাউদ্দিন বেপারী। তিনি মাদারীপুর সদর উপজেলার শহীদপুর গ্রামের আজিবার বেপারীর ছেলে। দীর্ঘদিন ধরে আজিবার বেপারী তার পরিবার নিয়ে ঢাকার বাংলামটরের ইস্কাটন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তুগুরিয়া এলাকার পূর্বপাশে মায়ের দোয়া ব্রিক ফিল্ড সংলগ্ন একটি খাল থেকে লাগেজটি উদ্ধার করে পুলিশ। এসময় ওই লাগেজ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ পায় পুলিশ। ওই দিন রাতে নাঙ্গলকোট থানার এসআই আশ্রাফুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। খবর পেয়ে শনিবার রাতে ওই যুবকের পরিবারের সদস্যরা কুমিল্লা পৌঁছে মরদেহের পরিচয় সনাক্ত করে।

এদিকে, প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে ওই তাকে গলাকেটে হত্যা করা হতে পারে বলে পুলিশকে জানিয়েছেন যুবকের পরিবারের সদস্যরা।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশ্রাফুল ইসলাম বলেন, ওই যুবকের পরিবারের বেশ কয়েকজন সদস্য এসে সালাউদ্দিন বেপারী (২২) শরীরের বর্ণনা দেন। পরে তাদের দেওয়া বর্ণনা অনুসারে মর্গে গিয়ে ওই যুবকের মরদেহের শরীরের মিল পাওয়া যায়। এরপর ওই দিন রাতেই পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত ২০ এপ্রিল ওই যুবক ঢাকার বাসা থেকে নিখোঁজ হন। এ ঘটনার পরদিন রমনা থানায় একটি জিডিও করেন পরিবারের সদস্যরা।

ওই যুবকের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন, মাদারীপুরের সদর উপজেলার শহীদপুর গ্রামের হাজী বাড়ির একটি মেয়ের সঙ্গে সালাউদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে হাজী বাড়ির মৃত আবদুল হাইয়ের ছেলে সোহেলও ওই মেয়েকে ভালোবাসতো।

এ নিয়ে সালাউদ্দিন ও সোহেলের মধ্যে দ্বন্দ্বে চলছিল। এর আগে সোহেল লোক দিয়ে ঢাকায় সালাউদ্দিনকে পিটিয়ে ছিল। প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে সালাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হতে পারে। তদন্ত করে মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর