থেরাপি দিয়ে ফেরার সময় সড়কে প্রাণ গেলো প্যারালাইজড রোগীসহ দুজনের
দিনাজপুরের বিরামপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরশহরের হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের বেগমপুর মোড়ে ঘটে এ দুর্ঘটনা।
নিহত মিজানুর রহমান মুক্তা (৪০) একজন প্যারালাইজড রোগী। তিনি থেরাপি দিয়ে বাড়ি ফিরছিলেন। এদিকে একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
তারা হলেন, রংপুর পীরগঞ্জের অন্তরামপুর এলাকার বাহাদার মিনজির ছেলে পলাশ মিনজির, তার স্ত্রী জয়ন্তি রানি (৩৫) এবং মেয়ে অদ্বিতী রানি (২০)। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পলাশ মিনজি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে নবাবগঞ্জ থেকে তিন যাত্রী নিয়ে হিলির মাঝনা এলাকায় যাচ্ছিল সিএনজিটি। থেরাপি দেওয়া শেষে বাড়ি যাওয়ার জন্য ওই সিএনজিতে ওঠেন মিজান। সিএনজিটি হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের বেগমপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকা ফেটে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত অবস্থায় সিএনজির চার যাত্রীকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত্যু ঘোষণা করেন।
চিকিৎসক মাহামুদুল হাসান ডলার জানান, নিহত ব্যক্তির মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রতকুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. মাহাবুর রহমান/জেডএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ