স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দুধ দিয়ে গোসল
দুধ দিয়ে গোসল করছেন সেকেন্দার আলী
চুয়াডাঙ্গা সদরের নেহালপুরে নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন সেকেন্দার আলী নামের এক যুবক।
বুধবার (৩ জুলাই) উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে ফেসবুকে ঘটনা ছড়িয়ে পড়লে শনিবার সকাল থেকে সবার নজরে আসে।
সেকেন্দার আলী নেহালপুর গ্রামের দরগাপাড়ার বাসিন্দা। তিনি পেশায় ট্রাক্টরচালক।
নিজ স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে এসে সেকেন্দার আলী দুধ দিয়ে গোসল করেন। সেই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। গ্রামজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত ট্রাক্টরচালক সেকেন্দার আলীর খালোতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি আঁচ করতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতে-নাতে ধরার অপেক্ষায় থাকেন।
বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেকেন্দার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান। ততক্ষণে মাজেদুল পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সঙ্গে সাগরীর বিয়ে দেওয়া হয়।
একই গ্রামের বাসিন্দা আল-আমিন নামের এক যুবক বলেন, স্ত্রীর সঙ্গে তার পরকীয়া প্রেমিকের বিয়ের দেওয়ার ঘটনাটি গ্রামজুড়ে সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরও আলোচনায় উঠেছেন স্বামী সেকেন্দার আলী। বিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে মতভেদও দেখা দিয়েছে।
এ বিষয়ে সেকেন্দার আলী জানান, আগেও তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেওয়া হয়েছে।
দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।
বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন বলে শুনেছি। পরে বাড়িতে এসে সেকেন্দার দুধ দিয়ে গোসল করেছেন এটা জেনেছি।
হুসাইন মালিক/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা, কাটা হলো বেড়িবাঁধের ২০ গাছ
- ২ ধর্ষণের শিকার কিশোরীর নবজাতকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে মানববন্ধন
- ৩ যশোরে ব্যারিস্টার কাজলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- ৪ দেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার: মাসুদ সাঈদী
- ৫ রাজশাহীতে প্রথমবার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে মানি লন্ডারিং মামলা