যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
ফাইল ছবি
যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত আলী হোসেন ওরফে খোকন (২৮) পৌর এলাকার ৮নং ওয়ার্ডের হুদাপাড়া মহল্লার মৃত আব্দুল মুজিদের ছেলে।
শনিবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে হুদাপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে হুদাপাড়া মহল্লার বাসিন্দা আলী হোসেন খোকনের সঙ্গে একই মহল্লার হারুন অর রশিদের ছেলে আশরাফ হোসেনসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে তারই জের ধরে একই দিন রাত ৮টার দিকে মহল্লার জামে মসজিদ সংলগ্ন জালাল উদ্দিনের বাড়ির সামনে খোকনকে ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত খোকনের ভাগনে শাকিল হোসেন জানান, প্রায় এক বছর আগে খোকনের মানসিক সমস্যা দেখা দেয়। তবে বর্তমানে তিনি সুস্থ ছিলেন। কিন্তু গ্রামের সাইফুল ইসলাম, আশরাফ হোসেন, রেজা উদ্দিন ও আব্দুল মালেক তাকে প্রায় সময়ই পাগল বলে ডাকতেন। শনিবার দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুলকার হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই খোকন মারা যান। বুকের বাম পাশে উপর্যুপরি ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মো. শাহিন বলেন, এটি দুঃখজনক ঘটনা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যাই। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুচ্ছ এক ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত শুরু হয়েছে। দ্রুত হত্যার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি হত্যাকারীকে আটক করা হবে।
মিলন রহমান/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাছে আম-জাম ধরলে পাঠাবেন, আমি খাবো: কৃষকদের প্রধানমন্ত্রী
- ২ সুনামগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উদীচীর বর্ষবরণ
- ৩ রাতের আঁধারে নারিকেল গাছের চূড়ায় তরুণ, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
- ৪ ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে মারতে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা
- ৫ নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত