মেলেনি প্রতিমার মাথার মুকুট, দফায় দফায় জিজ্ঞাসাবাদ
ফাইল ছবি
সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক শ্রী শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া উপহারের স্বর্ণের মুকুট চুরির ঘটনায় পুরোহিত দিলীপ মুখার্জীসহ অন্তত আটজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার পর থেকে পুলিশ, সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হেফাজতে নিয়ে তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, চুরি যাওয়া স্বর্ণের মুকুট উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বৃহস্পতিবারই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
স্বর্ণের মুকুট চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দিরের প্রতিমার মাথার স্বর্ণের মুকুটটি বৃহস্পতিবার দিবালোকে চুরি হয়েছে। স্বর্ণের মুকুটটির বিষয়ে যে কোনো তথ্য কিংবা কোনো ব্যক্তি এটি বিক্রয় অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো/ধরন পরিবর্তন করতে গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক সাতক্ষীরা (০১৭১৫-২১২২৭৭) ও পুলিশ সুপার সাতক্ষীরা (০১৩২০-১৪২১০০) কে জানাতে অনুরোধ করা হলো।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, মুকুট চুরির ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। তবে ফুটেজে দৃশ্যমান যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মন্দিরের পুরোহিত ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মন্দিরের পুরোহিত একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। মন্দির কমিটির নেতারা ঢাকায় থাকেন। এ জন্য চুরির ঘটনায় কোনো মামলা হয়নি। তারা এসে মামলা দায়ের করবেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৪৯ মিনিটের মধ্যে এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথায় থাকা স্বর্ণের মুকুট খুলে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভির ফুটেছে ধরা পড়েছে।
আহসানুর রহমান রাজীব/এফএ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রথম চারমাস ফ্যামিলি কার্ড প্রতি ১০ হাজার টাকা দেওয়া হবে
- ২ আ’লীগ অফিসে টানানো ব্যানার পুড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীরা
- ৩ মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- ৪ ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী
- ৫ বসতঘরে ঢুকে পড়লো মাটিভর্তি ডাম্পট্রাক, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু