ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে মোল্লা সুপার সল্ট কারখানায় ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:০০ এএম, ০৯ মে ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোল্লা সুপার সল্টের হাউস পরিস্কার করতে গিয়ে বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর অসুস্থ হয়েছেন আরো ৫ জন শ্রমিক।

সোমবার দুপুরে ফতুল্লার এনায়েতনগরের ধর্মগঞ্জের মাওলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাহাবুদ্দিন (৪০), ইব্রাহিম (৩০) ও আলমাছ তালুকদার (৩০)।

অসুস্থরা হলেন, জাবেদ, জাহিদ, জাহাঙ্গীর, মাসুদ ও তৈয়ব। তাদের সকলের বয়স ২৫ থেকে ২৮ বছর।

তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহরের খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে ইব্রাহিমের মৃত্যু হয়।

শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাহমিনা নাজমীন জানান, বিষক্রিয়ার গ্যাস পরিপাকতন্ত্রে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।

মোল্লা সুপার সল্টের মেকানিক্যাল টেকনিশিয়ান মাসুম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হাউস পরিস্কার করতে নামে ৮ জন শ্রমিক। দুপুর দেড়টার দিকে বিষক্রিয়ায় তারা সকলেই অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ২ জনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শাহাদাত/এফএ/এমএএস/আরআইপি