অনলাইনে সারাবছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে: এনবিআর
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থায় করদাতাদের ব্যাপক সাড়া পাওয়ায় বছরজুড়ে অনলাইনে রিটার্ন জমা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন বলেন, এরই মধ্যে এবছর ১৪ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
তিনি বলেন, আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনরূপ কর অব্যাহতি পাবেন না।
এছাড়া কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২ শতাংশ হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।
তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের ধন্যবাদ জানিয়েছে এবং আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করছে।
এসএম/এমকেআর/জিকেএস
সর্বশেষ - অর্থনীতি
- ১ চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ধারার ৫ ব্যাংকের কর্মীদের মানববন্ধন
- ২ তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি
- ৩ সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
- ৪ রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ-মিডল্যান্ড ব্যাংকের চুক্তি
- ৫ রাজস্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ বাড়াতে এফবিসিসিআই’র একগুচ্ছ প্রস্তাব