ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

করপোরেট গভর্ন্যান্সের মান এখনো সন্তোষজনক নয়: লুৎফে সিদ্দিকী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৫

দেশে করপোরেট গভর্ন্যান্স ও পেশাদারিত্বের মান এখনো সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। দেশের উন্নয়নে করপোরেট গভর্ন্যান্সে সবাইকে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৪ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠায় অনবদ্য অবদান, কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ৪৩টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। এবার প্রাণ-আরএফএল গ্রুপের দুই প্রতিষ্ঠান পেয়েছে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স-২০২৪।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লুৎফে সিদ্দিকী বলেন, যখন সামগ্রিকভাবে পেশাদারিত্বের মান খুব নিচে থাকে, তখন সঠিক কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আপনি সঠিক পথে চললেও, অন্যরা যদি উল্টো পথে গাড়ি চালায়, তাহলে দুর্ঘটনা এড়ানো কঠিন।

তিনি বলেন, করপোরেট গভর্ন্যান্সের মান বজায় রাখা এবং নৈতিকতা রক্ষা করা বর্তমান বাস্তবতায় সহজ কাজ নয়। তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও যারা পেশাদারিত্ব ও নৈতিক মান ধরে রাখছেন, তাদের প্রশংসা করেন তিনি।

লুৎফে সিদ্দিকী আরও বলেন, একজন পেশাদার শুধু আইন ও বিধিবিধান জানেন তা নয়, বরং তার থাকে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, কারিগরি দক্ষতা ও নৈতিক মানদণ্ড। একজন পেশাদার কখনো তাড়াহুড়া করে মতামত দেন না, বরং তথ্য-উপাত্ত, প্রমাণ ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন।

প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত বলেন, ব্যক্তির চেয়ে প্রক্রিয়া বড়। ব্যক্তি যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, সঠিক প্রক্রিয়াই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

বর্তমান সময়কে পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এখন আর ভয়ভীতির যুগ নেই। এটি সেই সময়, যখন পেশাদারদের আরও বেশি সাহসের সঙ্গে কথা বলা উচিত ও মানদণ্ড রক্ষায় ভূমিকা রাখা উচিত।

পুরস্কার পেয়েছে যারা

আইসিএসবির নির্ধারিত মান অনুযায়ী, ২০২৪ সালে করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কোম্পানিগুলোর প্রচেষ্টা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোডের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়, যার মূল প্রতিপাদ্য ছিল ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে ১৪টি ক্যাটাগরিতে বিজয়ী ৪৩টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট অব অনার ও বিশেষ অতিথি। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি সিলভার এবং সিটি ব্যাংক পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইসলামিক ব্যাংকিং ক্যাটাগরিতে শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।

নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সিলভার এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

জেনারেল ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে সিটি ইন্স্যুরেন্স পিএলসি ও সেনা ইন্স্যুরেন্স পিএলসি; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি সিলভার এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি; দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি সিলভার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

টেক্সটাইল ও আরএমজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি; মতিন স্পিনিং মিলস পিএলসি ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড উভয়েই সিলভার এবং এনভয় টেক্সটাইল লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফুড ও অ্যালায়েড ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড; অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি সিলভার এবং এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড ও গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এডিএন টেলিকম লিমিটেড; আমরা নেটওয়ার্কস লিমিটেড সিলভার এবং ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি; বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড উভয়ই সিলভার এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি; হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি সিলভার এবং ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ফুয়েল অ্যান্ড পাওয়ার ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে লিনডে বাংলাদেশ লিমিটেড; ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও ডরিন পাওয়ার জেনারেশনস্‌ অ্যান্ড সিস্টেমস্‌ লিমিটেড উভয়েই ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

সার্ভিসেস কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।

টেলিকমিউনিকেশন্স কোম্পানিজ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রামীণফোন লিমিটেড; রবি আজিয়াটা পিএলসি সিলভার এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

ইএইচটি/এমএমকে/এমএমএআর