সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন
ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান/ফাইল ছবি
কোটি টাকার সম্পদ গোপনের অভিযোগে ‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. আখতারুল ইসলাম এ তথ্য জানান। আর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ জানান, যে কোনো দিন আদালতে চার্জশিট দাখিল করা হতে পারে।
গত বছরের ৬ জানুয়ারি মতিউরের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।
দুদকে দাখিল করা অভিযোগে বলা হয়েছে, মতিউর সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে এক কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকুরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুস ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকা সম্পদ অর্জন ও ভোগদখল করেছেন। এ কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারার আওতায় শাস্তিযোগ্য।
কোরবানির ঈদে ১৫ লাখ টাকার ছাগল কিনে আলোচিত হয় মতিউরের ছেলে ইফাত। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। একের পর এক বেরিয়ে আসতে থাকে মতিউর পরিবারের বিপুল সম্পদের তথ্য।
মতিউরের দুই স্ত্রী ও সন্তানদের নামে থাকা আরও চারটি মামলার তদন্ত চলমান। সেগুলোতেও আসামি এনবিআরের সাবেক এই কর্মকর্তা।
এসএম/এএমএ
সর্বশেষ - অর্থনীতি
- ১ সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন
- ২ সরকারের ২ লাখ ১০ হাজার টন সার কেনার অনুমোদন
- ৩ তিন বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণে বছরে সাশ্রয় ১১৯ কোটি টাকা
- ৪ বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন শাহিন আক্তার
- ৫ নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাবে সরকার: উপদেষ্টা