ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

বন্ড মার্কেট সচল করতে ট্যাক্স কমানোর দাবি

প্রকাশিত: ০৮:২২ এএম, ০৩ এপ্রিল ২০১৬

দেশের বন্ড মার্কেট সচল করতে ট্যাক্স কমানোর দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বীমা কোম্পানির বিনিয়োগে সীমা নির্ধারণে আপত্তি জানায় সাংগঠনটি।

রোববার ব্যাংকের সম্মেলন কক্ষে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা শেষে লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুদ্দিন সরকার এ কথা জানান। সভায় নতুন গভর্নর ফজলে কবির উপস্থিত ছিলেন।

 এসময় জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর), পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেসি) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিনিধিরা অংশ নেয়।

সভায় শেষে মফিজুদ্দিন সরকার সাংবাদিকদের জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বীমা কোম্পানির বিনিয়োগে সীমা নির্ধারণ করে দেওয়ায় যে উদ্যোগ নেওয়া হয়েছে তা যৌক্তিক নয়। তাই এ ব্যাপারে আমাদের বক্তব্য তুলে ধরেছি। একই সঙ্গে  বন্ড মার্কেট সচল করার প্রস্তাব এসেছে, আমরা বলেছি এজন্য ট্যাক্স কমানো দরকার।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুসারে বর্তমানে বন্ড হোল্ডারের কাছ থেকে তালিকাভুক্ত ট্রেজারি বিল ও বন্ডের সুদ বা ডিসকাউন্টের ওপর ৫ শতাংশ হারে অগ্রিম আয়কর নেয়া হয়। অথচ নির্ধারিত সময়ের (বর্ষ শেষ বা মেয়াদ পূর্তি) আগে সে সুদ পান না বন্ডহোল্ডাররা। এ কারণে প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারী কেউই বন্ড কেনায় বিশেষ আগ্রহী নন।

আর্থিক খাতে সাইবার নিরাপত্তা জোরদারে নির্দেশনার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে গভর্নর ফজলে কবির আমাদের জোর দিতে বলেছেন, আমরা জানিয়েছি যে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এসআই/এএইচ/আরআইপি