ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

কুমিল্লা বোর্ডের ৩৭৫ কলেজে অনলাইনে ভর্তি আবেদন শুরু

প্রকাশিত: ০২:৫৪ এএম, ২৬ মে ২০১৬

আজ থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের প্রক্রিয়া। অনলাইনের আওতায় আনা কুমিল্লা বোর্ডের ৩৭৫টি কলেজের মধ্যে শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সরকারি-বেসরকারি মিলিয়ে মাত্র ২০ থেকে ২৫টি কলেজ। তাই মেধাবী শিক্ষার্থীদের আসন সঙ্কটের কারণে এবারও তাদের পছন্দের কলেজে ভর্তি হতে না পারার আশঙ্কা রয়েছে।
 
জানা যায়, কুমিল্লা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় মেধাবী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় র্শীষে রয়েছে ৩টি কলেজ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পছন্দের তালিকার শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, ইস্পাহানী পাবলিক কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ ও সোনার বাংলা কলেজ। কিন্তু এসব কলেজে আসন সংখ্যা চাহিদার তুলনায় খুবই কম। অনেক শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েও পছন্দের কলেজে ভর্তি নিয়ে অনিশ্চিয়তায় পড়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রের সিস্টেম এনালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক জানান, এ বছর এসএসসিতে কুমিল্লা জেলায় ৩ হাজার ২০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৬৬ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১৩২ জন ও মানবিকে ১০ জন।

কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বিজ্ঞানে ৪৫০টি আসন, কুমিল্লা সরকারি কলেজে ৩০০, কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৩০০, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩০০, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজে ১৭০ এবং ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজে ১৫০টি আসন রয়েছে। এ অবস্থায় ভর্তি নিয়ে শিক্ষার্থী, অভিভাবকেরা উৎকণ্ঠায় রয়েছেন।
 
ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রশিদ বলেন, বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য মারাত্মক চাপ থাকে। আমাদের কলেজে ৪৫০ আসনের বেশি ভর্তি করানোর সুযোগ নেই।

অপরদিকে নগরীর নতুন প্রতিষ্ঠান হলেও অল্প সময়ে চমকপ্রদ সাফল্য অর্জন করে খ্যাতি লাভ করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ।

এ কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন ভূঁইয়া জানান, আমাদের এখানে আসন সীমিত, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির ব্যাপক চাপ থাকলেও অবকাঠামো সঙ্কটে আমাদের এ বছর আর আসন বাড়ানো সম্ভব হচ্ছে না।

এদিকে কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক জামাল নাসের জানান, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদনের প্রক্রিয়া। এবছর কুমিল্লার বোর্ডের অধীনে ৩৭৫ কলেজকেই একাদশ শ্রেণিতে ভর্তি অনলাইনে আওতায় নেওয়া হয়েছে।

কামাল উদ্দিন/এফএ/এবিএস