গণভোট নিয়ে মাদরাসার শিক্ষকদের জরুরি নির্দেশনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদরাসাগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী- হ্যাঁ ভোটের প্রচার-প্রচারণা চালাবেন মাদরাসার প্রধানরা। গণভোটের ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ প্রচার চালাতে হবে।
বুধবার (২৮ জানুয়ারি) মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়। চিঠিটি সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ির প্রধানদের পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য ও বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যকণিকা-৯ এ বর্ণিত তথ্য-সংবলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদরাসা প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন।
প্রতিষ্ঠান প্রধানরা নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা তথ্যাদিযুক্ত ড্রপডাউন ব্যানার শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন। গণভোট বিষয়ে গণসচেতনতা তৈরি ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে গণভোটের উদ্দেশ্য, সময় ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে প্রতিষ্ঠান প্রধানরা ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদরাসায় প্রচারের ব্যবস্থা করবেন।
এছাড়া প্রতিষ্ঠানপ্রধানরা অভিভাবক সমাবেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠান বা আয়োজনে গণভোট বিষয়ে সচেতনতা সংক্রান্ত বার্তা উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ে পরিবারে সঠিক তথ্য পৌঁছাতে উদ্যোগ নেবেন; প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট মাদরাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডে গণভোট বিষযে জনসচেতনতামূলক তথ্য প্রচার করবেন।
এ অবস্থায় এ নির্দেশনার ধারাবাহিকতায় সংযুক্ত লিফলেট দুটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে অথবা এক পাতায় উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এএএইচ/ইএ
সর্বশেষ - শিক্ষা
- ১ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ২ ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৩ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৪ স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি
- ৫ আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ১১ মাস পর ফের কুয়েট ভিসি