অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, শূন্যপদ ১৩৫৯৯
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে—‘অষ্টম এনটিআরসিএ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা, ২০২৬’। এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইটে।
এনটিআরসিএ সূত্র জানায়, সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এ পরীক্ষায় আবেদন করতে পারবেন।
পরীক্ষার নম্বর বণ্টন যেভাবে
নিয়োগ পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের ওপর। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর (সময় এক ঘণ্টা), শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারিত রয়েছে।
এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। প্রতিটি ধাপে পাস নম্বর ৪০ শতাংশ।
নিয়োগ পরীক্ষার বিষয় কী হবে
এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
অধিদপ্তরভেদে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা এবং মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা থেকে প্রশ্ন আসবে।
নিয়োগের সুপারিশ যেভাবে
এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ করা হবে। এ প্রক্রিয়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে।
এএএইচ/এমএমকে
সর্বশেষ - শিক্ষা
- ১ অধ্যাপক মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ২ ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে অব্যাহতি-নতুন নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
- ৩ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ৪ স্কুলে ভর্তিতে লটারি বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ জারি
- ৫ আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ১১ মাস পর ফের কুয়েট ভিসি