ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

তবে কি প্রযোজনা থেকে সরে দাঁড়াচ্ছেন আমির খান?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১:১৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান নিজের ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন থেকে অভিনয়েই বেশি মনোযোগ দিতে চান- আর সেই কারণেই তার প্রযোজনা সংস্থার দৈনন্দিন দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর কিছুটা বিরতি নিয়েছিলেন আমির। এরপর ‘সিতারে জমিন পর’ সিনেমার কাজের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে ফেরেন তিনি। আর এই সময়েই নিজের কাজের অগ্রাধিকার নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন অভিনেতা।

আমির জানান, তার প্রযোজনা সংস্থা ‘আমির খান প্রোডাকশনস’র নিয়মিত দায়িত্ব এখন থেকে সামলাবেন অপর্ণা পুরোহিত। তিনি চান, অপর্ণা স্বাধীনভাবে সংস্থাটি পরিচালনা করুন। তবে প্রয়োজন হলে তিনি অবশ্যই যুক্ত থাকবেন বলেও স্পষ্ট করেছেন।

আমিরের ভাষ্য, একসঙ্গে প্রযোজনা ও অভিনয়ের দায়িত্ব সামলাতে গিয়ে অভিনয়ের জন্য প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে পারছিলেন না। গত কয়েক বছরে তাকে দুই ভূমিকাই সামলাতে হয়েছে। এখন তিনি নিজের অভিনেতা সত্তাকেই প্রাধান্য দিতে চান।

জানা গেছে, অপর্ণা দায়িত্ব নেওয়ার আগেই যেসব প্রজেক্ট অনুমোদন পেয়েছে, সেগুলো নির্ধারিত সময়েই মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ‘হ্যাপি প্যাটেল’, ‘এক দিন’ এবং ‘লাহোর ১৯৪৭’। ‘এক দিন’ ছবিতে অভিনয় করছেন আমিরের ছেলে জুনায়েদ খান ও সাই পল্লবী।

আরও পড়ুন:
আরও ভয়ংকর ও ধামাকায় নতুন ‘ধুরন্ধর’, আজই আসছে টিজার 
শহিদ কাপুরের সিনেমার মুক্তি বন্ধ করতে সেই গ্যাংস্টারের মেয়ের মামলা 

সম্প্রতি ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে আমিরকে। ছবিটির প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। যদিও সিনেমাটি বাণিজ্যিকভাবে বড় সাফল্য পায়নি।

অন্যদিকে, অভিনয়জীবনে নতুন পরিকল্পনাও করছেন আমির। শোনা যাচ্ছে, রাজকুমার হিরানি পরিচালিত একটি বায়োপিকে দাদাসাহেব ফালকের চরিত্রে দেখা যেতে পারে তাকে। পাশাপাশি বহুদিনের স্বপ্নের প্রকল্প ‘মহাভারত’ নিয়েও কাজ শুরুর কথা জানিয়েছেন তিনি।

সব মিলিয়ে, আমির খান পুরোপুরি প্রযোজনা ছাড়ছেন না ঠিকই, তবে দৈনন্দিন ব্যবস্থাপনা থেকে সরে গিয়ে অভিনয়েই বেশি মনোযোগ দিতে চাইছেন- এমন ইঙ্গিতই মিলেছে তার সাম্প্রতিক মন্তব্যে।

এমএমএফ

আরও পড়ুন