ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

সাই পল্লবী বাদ, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২:৪৫ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

সাই পল্লবী নন, ধানুশ অভিনীত নতুন সিনেমায় নায়িকা হিসেবে যুক্ত হলেন শ্রীলিলা। ‘আমরন’ খ্যাত নির্মাতা রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি ৫৫’।

কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হলে গুঞ্জন ওঠে। এতে ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী, এমনটাই জানা যায়। তবে শেষ পর্যন্ত নির্মাতারা ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতা দল নিশ্চিত করেছে, ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রীলিলাকে। ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলিলাকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন
২৩ বছর পর আবার মুক্তি পাচ্ছে সালমান খানের ‘তেরে নাম’
রাম চরণের সংসারে আনন্দের জোয়ার, এলো জমজ সন্তান

ঘোষণাটি প্রকাশ করে নির্মাতারা লেখেন, ‘এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলিলাকে।’

অ্যাকশনধর্মী এই সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

প্রথমদিকে অন্য একটি প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি নির্মাণের কথা থাকলেও পরে তারা সরে দাঁড়ায়। এরপর সব স্বত্ব ধানুশের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।

সম্প্রতি নির্মাতারা আরও জানিয়েছেন, সিনেমাটির গান ও আবহসংগীত পরিচালনা করবেন সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন ধানুশ, শ্রীলিলা, সুরকার সাই অভ্যঙ্কর এবং নির্মাতা রাজকুমার পেরিয়াসামি।

কাজের দিক থেকে ধানুশকে সর্বশেষ দেখা গেছে হিন্দি ভাষার চলচ্চিত্র ‘তেরে ইশক মে’। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমায় শঙ্কর চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়।

এর পর ধানুশকে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘কারা’ সিনেমায়। ‘পর থোজিল’ খ্যাত নির্মাতা ভিগনেশ রাজা পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মামিতা বাজু। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন করুণাস, জয়রাম, সুরাজ ভেঞ্জারামুদু প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শ্রীলিলা সম্প্রতি তামিল সিনেমায় অভিষেক করেছেন ‘পরশক্তি’ ছবির মাধ্যমে। সুধা কঙ্গারা পরিচালিত এই রাজনৈতিক পটভূমির সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শিবকার্তিকেয়ন ও রবি মোহন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অথর্ব মুরালি।

 

এলআইএ