শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া ও শাকিব খান। ছবি: সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন তিনি।
ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের সঙ্গে নাম জড়িয়ে নানা সময় মুখরোচক আলোচনা হলেও সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফারিয়া। তার ভাষ্য, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি-সবটাই কাজের জায়গা থেকেই।’
প্রায় পাঁচ বছর আগে মুক্তি পাওয়া ‘শাহেনশাহ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এরপর আর কোনো সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়নি। কেন এই জুটিকে পর্দায় ফের দেখা যায় না- এমন প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়।
ফারিয়া বলেন, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’
এদিকে একই সাক্ষাৎকারে জীবনের এক কঠিন সময়ের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী। জেলে থাকার সময়ের স্মৃতি তুলে ধরে ফারিয়া বলেন, সেখানে সবার কাছ থেকে তিনি অপ্রত্যাশিত সহানুভূতি ও ভালোবাসা পেয়েছেন।
তার ভাষ্য, ‘জেলার থেকে শুরু করে সেখানকার সবাই এত সহানুভূতি ও ভালোবাসার সঙ্গে ব্যবহার করেছে, যেটা ভাবতে পারিনি। সবাই আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা না খেয়েই ছিলাম। আমি দেখেছি, মানুষজন আমাকে লতি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে, সকালে দেখেছি রুটি ছিঁড়ে মিষ্টিকুমড়া দিয়ে খাইয়ে দিচ্ছে। আমার যতটুকু মনে আছে, আমার চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, আর ওরা আমাকে খাইয়ে দিচ্ছে। তাদের আমি চিনিও না। জীবনে আর কখনো তাদের সঙ্গে দেখা হবে কি না, তা-ও জানি না।’
আরও পড়ুন:
প্রথমবার একসঙ্গে গাইলেন ফাহমিদা নবী ও ইমরান
শাকিবের পর এবার বিদেশি সুপারস্টারের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ
ব্যক্তিগত জীবন ও পেশাগত সম্পর্ক নিয়ে চলমান জল্পনার মধ্যেই ফারিয়ার এই স্পষ্ট বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে তাকে।
এমএমএফ