ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

নেদারল্যান্ডসে ৪৩ লাখ টাকা পাচ্ছে সাবেক কৃষিমন্ত্রীর ছেলের সিনেমা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পুত্র রেজওয়ান শাহরিয়ার সুমিত। তিনি বরাবরই রাজনীতি সচেতন চলচ্চিত্র নির্মাণ করেন। নিজেও বেশ রাজনীতি সচেতন। কখনো প্রথাগত রাজনীতির স্রোতে গা ভাসাননি। গেল জুলাই বিপ্লবেও তিনি ছাত্র জনতার পক্ষে সমর্থন দিয়েছিলেন। ছিলেন তারুণ্যের রক্তদানে পাওয়া নতুন বাংলাদেশের পক্ষে। সেই বাংলাদেশের জন্য তিনি এবার বয়ে নিয়ে এলেন বিরল সম্মান।

তার হাত ধরে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র আবারও আলো ছড়ালো। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ ছবিটি মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয় করেছে। এই জয়কে বাংলাদেশের সিনেমার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করা হচ্ছে।

পুরস্কারের অর্থও মোটামুটি বড়। ছবিটির পরিচালক ১৫,০০০ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ ৬০ হাজার টাকা) পান। একই সঙ্গে নেদারল্যান্ডসে ছবিটি প্রদর্শনের জন্য পরিবেশককেও ১৫,০০০ ইউরো প্রদান করা হবে। অর্থাৎ মোট পুরস্কারের মূল্য দাঁড়ায় প্রায় ৪৩ লাখ টাকা।

আরও পড়ুন
নেদারল্যান্ডসে বড় স্বীকৃতি পেলো মম-বাঁধনদের সিনেমা
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা

রটারডাম উৎসবের জুরি বোর্ড তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছেন, ‘‘মাস্টার’ একটি সার্বজনীন গল্প যা একজন ব্যক্তির আদর্শ ও নৈতিকতার লড়াইকে কেন্দ্র করে, যে শেষ পর্যন্ত ক্ষমতা ও পুঁজিবাদের প্রলুব্ধকর শক্তির মুখোমুখি হয়। চলচ্চিত্রটি চমৎকার অভিনয়, প্রাণবন্ত দৃশ্যায়ন এবং জটিল সামাজিক বাস্তবতার মাধ্যমে মূল চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছে।’

‘মাস্টার’ ছবিটি একজন স্কুল শিক্ষকের রাজনীতিতে যাত্রা, উপজেলা পর্যায়ের ক্ষমতার দ্বন্দ্ব এবং সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত। ছবিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজ প্রমুখ।

এর আগে রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম ছবি ‘নোনাজলের কাব্য’ বাংলাদেশে সেরা চলচ্চিত্রসহ ৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। এবার ‘মাস্টার’ বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করল।

 

এলআইএ