ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

মার্কা না পেলেও নির্বাচনের মাঠে মনির খান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন এলেই সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাকে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হতে দেখা যায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। ঝিনাইদহ-৩ আসন (কোটচাঁদপুর–মহেশপুর) থেকে তিনি বিএনপির প্রার্থী হওয়ার আশায় ছিলেন।

তবে শেষ পর্যন্ত দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়নি।

মনোনয়ন না পেলেও নির্বাচনি মাঠে সক্রিয় সাবেক জাসাস কেন্দ্রীয় নেতা মনির খান। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। বিশেষ করে গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে এই শিল্পীকে।

ভোটারদের একটি বড় অংশ মনির খানের এই অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছেন। এ বিষয়ে মনির খান বলেন, ‘আমি প্রচার-প্রচারণার শুরু থেকেই বলে আসছি-ধানের শীষ প্রতীক যার, ভোট দেব সবাই তার। বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন, আমি তার পক্ষেই কাজ করব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়-এটাই আমাদের মনে রাখতে হবে।’

আরও পড়ুন
একুশে পদক দিতে বললেন তুষার, সালমান মুক্তাদির চাইলেন ভিসা
এবার নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর ধরে জেল-জুলুম সহ্য করে লাখো বিএনপি নেতাকর্মী ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে। আজ আমাদের সামনে সেই ভোটাধিকার ফিরে এসেছে। তাই এই নির্বাচনে ভুল করার কোনো সুযোগ নেই। সবাইকে ভেদাভেদ ভুলে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

উল্লেখ্য, ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মনোনয়ন না পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনির পক্ষে সমর্থন জানিয়ে পোস্ট করেন মনির খান। তার সেই পোস্ট ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝেও ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।

মনোনয়ন না পেলেও দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মাঠে সক্রিয় থাকা মনির খানের এই ভূমিকা রাজনৈতিক অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছে।

 

এমআই/এলআইএ