রাহুলের মৃত্যুর নেপথ্যে কী? ময়নাতদন্তে উঠল নতুন প্রশ্ন
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে রহস্য দানা বাঁধছে। ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে গত রোববার পানিতে ডুবে প্রাণ হারান তিনি। সোমবার প্রকাশ্যে আসা প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য, যা এই মৃত্যুকে ঘিরে আরও প্রশ্ন তৈরি করেছে।
ময়নাতদন্তে চিকিৎসকরা জানিয়েছেন, রাহুলের ফুসফুসের অবস্থা ছিল অস্বাভাবিক। ফুসফুস ফুলে স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। পাশাপাশি ফুসফুস ও শ্বাসনালীর গভীরে পাওয়া গেছে বালি ও নোনা জলের উপস্থিতি।
চিকিৎসকদের ধারণা, অল্প সময় পানিতে থাকলে এভাবে ফুসফুসে বালি প্রবেশ করা সম্ভব নয়। ফলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তিনি দীর্ঘ সময়-সম্ভবত এক ঘণ্টারও বেশি-পানির নিচে নিমজ্জিত ছিলেন।
এদিকে মৃত্যুর আগে তার শরীরে অ্যালকোহল বা অন্য কোনো পদার্থের উপস্থিতি ছিল কি না, তা জানতে ‘ভিসেরা’ পরীক্ষার জন্য নমুনা সংরক্ষণ করা হয়েছে। সেই রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
ময়নাতদন্তের এই তথ্য সামনে আসতেই শুটিং ইউনিটের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। যদি দীর্ঘ সময় তিনি নিখোঁজ ছিলেন, তাহলে কেনো দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়নি? সহ-অভিনেত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুলকে কেন সময়মতো খুঁজে পাওয়া গেল না-তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
এ ঘটনায় এরই মধ্যে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ও রূপাঞ্জনা মিত্র। একই সঙ্গে পরিচালক পারমিতা মুন্সী প্রশ্ন তুলেছেন, শুটিং স্পটে কেন কোনো পেশাদার ডুবুরি বা স্পিডবোট রাখা হয়নি।
আরও পড়ুন:
উদ্ধারের পরও প্রাণ ছিল রাহুলের, শুটিং শেষে কী হয়েছিল?
রাহুলের মৃত্যু নিয়ে যা বললেন সহঅভিনেত্রী রেশমি সেন
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের ঘনিষ্ঠ বন্ধু রাহুল ছিলেন একজন প্রতিভাবান অভিনেতা ও লেখক। নিজের পরিচালনায় প্রথম সিনেমা মুক্তির আগেই তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।
শিল্পী মহল ও পরিবারের একটাই দাবি-এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
এমএমএফ