ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

অনিমেষের ছবিতে ইমনের সুরে তাহসান

প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৪ এপ্রিল ২০১৬

মিউজিক ইন্ডাস্ট্রিতে সংগীতশিল্পী তাহসান এবং সংগীত পরিচালক ইমন সাহা দু’জনেই তুমুল জনপ্রিয়। নিজ নিজ ক্ষেত্রে অনেকদিন ধরেই তারা গানের ভুবনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছেন। তবে একসঙ্গে গান করা হয়ে ওঠেনি কখনো।

সুন্দর এই সুযোগটি নিয়ে এল অনিমেষ আইচের নতুন চলচ্চিত্র ‘ভয়ঙ্কর সুন্দর’। এই ছবিতে ইমন সাহার সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন তাহসান। দ্বৈত কণ্ঠের এই গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। এটি এই দুই তারকারও একসাথে গাওয়া প্রথম গান।

‘আমি পড়ে থাকি মেঠো সবুজে, তুমি আকাশের খোলা নীড়ে’- এমন রোমান্টিক কথার গানটি লিখেছেন গীতকবি আসিফ ইকবাল।

জাগো নিউজকে ইমন সাহা বলেন, ‘গতকাল গানটির রেকর্ডিং শুরু করা হয়েছে। শেষের দিকে গানে এলিটার আরো কিছু ভয়েজ দেয়া বাকি আছে। আগামীকাল চূড়ান্তভাবে গানটির কাজ শেষ করা হবে।’

জনপ্রিয় এই সংগীত পরিচালক আরো বলেন, ‘তাহসান-এলিটা দুজনই আমার সুর-সংগীতে প্রথমবার গাইলেন। আবার এটা তাদেরও একসঙ্গে গাওয়া প্রথম গান। খুব ভালো লাগছে অনেকগুলো ঘটনার জন্ম হলো একটি মাত্র গানে। আর আসিফ ভাই চমৎকার করে গানের কথাগুলোও লিখেছেন। বেশ রোমান্টিক আর মন ছুঁয়ে যাওয়ার মতো। আশা করি এই গানটি ভালো লাগবে সবার।’

উল্লেখ্য, নির্মাতা অনিমেষ আইচ পরিচালিত তার দ্বিতীয় ছবি ‘ভয়ঙ্কর সুন্দর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটছে ছোট পর্দার প্রিয় মুখ আশনা হাবিব ভাবনার। তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন।

এনই/এলএ/পিআর