অবৈধ অভিবাসন ঠেকাতে ইউরোপোলের সক্ষমতা বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
মানবপাচার ঠেকাতে ইউরোপোলের সক্ষমতা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)/ ছবি: ইউরোপোলের নিজস্ব ওয়েবসাইট
ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে জোটের পুলিশ সংস্থা ইউরোপোলের বাজেট ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটটি জানিয়েছে, ইউরোপে সক্রিয় মানবপাচারকারী চক্রগুলো ভেঙে দিতে ইউরোপোলের জন্য আরও বেশি পরিমাণ অর্থ, জনবল ও সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণার অধীনে, ইউরোপোল অতিরিক্ত ৫০ জন কর্মী ও অতিরিক্ত পাঁচ কোটি ইউরো অর্থ পাবে। এর মধ্যে দুই কোটি ইউরো ব্যবহার করা হবে বায়োমেট্রিক তথ্য অর্থাৎ আঙুলের ছাপ ও মুখের অবয়ব সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়ার উন্নতিতে।
ইইউয়ের নির্বাহী সংস্থা জানিয়েছে, সদস্য দেশগুলো ও ইউরোপীয় পার্লামেন্টের আলোচকেরা ইউরোপোলের অ্যান্টি-স্মাগলিং সেন্টারের (ইএমএসসি) সম্প্রসারণে একমত হয়েছেন। এই কেন্দ্র এখন থেকে ইইউয়ের বিচার সংস্থা ইউরোজাস্ট ও ইইউয়ের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজ করবে।
ইউরোপোলকে শক্তিশালী করার ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকেও তথ্য ভাগাভাগি করতে হবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এরই মধ্যে ১৩ হাজার অভিবাসী ও অধিকারকর্মীর তথ্য ইউরোপোলকে দিয়েছে ফ্রন্টেক্স।
বর্তমানে ইউরোপোলের কর্মী সংখ্যা ১৪০০। নেদারল্যান্ডসের প্রশাসনিক রাজধানী হেগের সদরদপ্তর থেকে সংস্থাটি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সদস্য রাষ্ট্রগুলোকে সহায়তা দিয়ে আসছে।
ইইউয়ের অভিবাসন কমিশনার মাগনুস ব্রুনার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই বিধান আমাদের নতুন অভিবাসন ব্যবস্থার অংশ। কে বা কারা ইউরোপে আসবেন তা আমরা ঠিক করবো, পাচারকারীরা নয়।
ইউরোপোলকে শক্তিশালী করার প্রস্তাবটি ইউরোপীয় কমিশন ২০২৩ সালের নভেম্বরে প্রথমবারের মতো উত্থাপন করেছিল। তবে বিষয়টি এখনো ইউরোপীয় পার্লামেন্ট ও ইইউ কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস
এসএএইচ