ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্রিটিশ নয়, আমাদের মুক্ত করেছে ভারতীয় সেনারা: ইসরায়েলি মেয়র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের হাইফা শহরের মেয়র ইয়োনা ইয়াহাভ দাবি করেছেন, অটোমান সাম্রাজ্যের কাছ থেকে শহরটি মুক্ত করেছিলেন ব্রিটিশ নয়, বরং ভারতীয় সেনারা। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন ইতিহাসের পাঠ্যপুস্তকগুলোতেও এই সত্য তুলে ধরা হবে।

মেয়র ইয়াহাভ বলেন, আমি এই শহরে জন্মেছি, এখানেই পড়াশোনা করেছি। আমাদের সবসময় বলা হতো, ব্রিটিশরা হাইফাকে মুক্ত করেছে। পরে একদিন ঐতিহাসিক সমিতির একজন এসে জানালেন, গবেষণায় দেখা গেছে প্রকৃতপক্ষে ভারতীয় সৈন্যরাই অটোমানদের হাত থেকে শহরটিকে মুক্ত করেছিলেন।

তিনি আরও বলেন, আমরা এখন প্রতিটি স্কুলের পাঠ্যপুস্তক পরিবর্তন করছি। সেখানে স্পষ্ট বলা থাকবে, ব্রিটিশ নয়, ভারতীয় সেনারাই আমাদের মুক্ত করেছিলেন।

প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় অশ্বারোহী রেজিমেন্টগুলো বর্শা ও তলোয়ার হাতে মাউন্ট কারমেলের দুর্গম পাহাড়ি ঢাল বেয়ে অটোমান বাহিনীকে পরাজিত করে। যুদ্ধ ইতিহাসবিদরা একে ‘ইতিহাসের শেষ মহাকাব্যিক অশ্বারোহী অভিযান’ বলে বর্ণনা করেছেন।

২০০৯ সালেই প্রথমবার মেয়র ইয়াহাভ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হাইফার পাঠ্যবইয়ে এই ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে তা স্কুলের ৩ থেকে ৫ শ্রেণির বইয়ে শেখানো হচ্ছে। স্থানীয় ঐতিহাসিক সমিতি নিয়মিত স্কুলে গিয়ে শিক্ষার্থীদের এই গল্প শোনাচ্ছে।

ভারতীয় সেনাবাহিনী প্রতিবছর ২৩ সেপ্টেম্বর হাইফা দিবস পালন করে। ১৯১৮ সালের এই দিনে মাইসোর, হায়দরাবাদ ও যোধপুর ল্যান্সারস- এই তিন অশ্বারোহী রেজিমেন্টের বীর সৈন্যরা হাইফাকে মুক্ত করেছিলেন। ১৫তম ইম্পেরিয়াল সার্ভিস ক্যাভালরি ব্রিগেডের দুঃসাহসী অভিযানে তারা মাত্র কয়েক ঘণ্টায় শহর দখল করে নেয়।

এই যুদ্ধে ক্যাপ্টেন অমন সিং বাহাদুর ও দফাদার জোর সিংকে প্রদান করা হয় ইন্ডিয়ান অর্ডার অব মেরিট (আইওএম)। ক্যাপ্টেন অনুপ সিং ও সেকেন্ড লেফটেন্যান্ট সাগত সিং পান মিলিটারি ক্রস (এমসি)। মেজর দলপত সিং, যিনি ‘হাইফার নায়ক’ নামে খ্যাত, তাকেও মিলিটারি ক্রস প্রদান করা হয়।

যুদ্ধের সময় যোধপুর ল্যান্সারসের আটজন শহীদ হন ও ৩৪ জন আহত হন। তবে তারা ৭০০ এর বেশি বন্দি, ১৭টি কামান ও ১১টি মেশিনগান দখল করতে সক্ষম হন। ভারতের রাষ্ট্রদূত জে.পি. সিং বলেন, এটি হয়তো একমাত্র ঘটনা, যেখানে শুধু অশ্বারোহী বাহিনী ছুটে গিয়ে একটি দুর্গ শহর দখল করেছিল।

ভারতের রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধে ৭৪ হাজারেরও বেশি ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছেন, যার মধ্যে পশ্চিম এশিয়ায় ৪ হাজারেরও বেশি। হাইফা, জেরুজালেম ও রামলে ভারতীয় সৈন্যদের স্মৃতিসৌধ রয়েছে। প্রায় ৯০০ ভারতীয় সৈন্যের কবর রয়েছে ইসরায়েলের এসব শহরে, যাদের মধ্যে অনেকে ছিলেন ইহুদি বংশোদ্ভূত ভারতীয়। তাদের স্মরণে ভারতীয় দূতাবাস ও ইসরায়েলি কর্তৃপক্ষ “দ্য ইন্ডিয়া ট্রেইল” নামের একটি প্রকল্প শুরু করছে।

ভারত ২০১৮ সালে নয়াদিল্লির ঐতিহাসিক তিন মূর্তি চক’র নাম পরিবর্তন করে তিন মূর্তি হাইফা চক করে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সফরের সময়। এর আগে ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাইফায় ভারতীয় সৈন্যদের কবরস্থান পরিদর্শন করে শহীদদের শ্রদ্ধা জানান ও মেজর দলপত সিংয়ের নামে ফলক উন্মোচন করেন।

২০১৮ সালে হাইফা মুক্তির শতবর্ষ উপলক্ষে ভারতের ৬১তম ক্যাভালরি ইসরায়েলে গিয়ে অনুষ্ঠানে অংশ নেয়। একই বছর ইসরায়েল পোস্ট শহীদ ভারতীয় সৈন্যদের স্মরণে একটি বিশেষ ডাকটিকিট প্রকাশ করে।

সূত্র: মিডল ইস্ট আই, এনডিটিভি

এসএএইচ