ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

নর্থ ক্যারোলিনায় অভিবাসন অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৬ নভেম্বর ২০২৫

নর্থ ক্যারোলিনায় অভিবাসন অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, শনিবার নর্থ ক্যারোলিনার শার্লটের ব্যাংকিং কেন্দ্রে ফেডারেল কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। দেশের দক্ষিণে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান আরও বিস্তৃত হয়েছে। খবর রয়টার্সের।

ডিএইচএসের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, আমেরিকানরা নিরাপদে থাকুক এবং জননিরাপত্তার হুমকি দূর হোক তা নিশ্চিত করার জন্য আমরা শার্লটে ডিএইচএস আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও জোরদার করছি। আমরা অপরাধী অবৈধ অভিবাসীদের কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।

মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা তত্ত্বাবধানকারী ডিএইচএস অভিযানের বিস্তারিত বিবরণ দেয়নি। কতজন আইন প্রয়োগকারী কর্মকর্তা অংশ নিয়েছিলেন বা আটক ব্যক্তিদের সংখ্যাও পরিস্কারভাবে জানানো হয়নি।

তবে সংস্থাটি উত্তর ক্যারোলিনার কর্মকর্তাদের দোষারোপ করে বলেছে যে, অভিবাসন কর্তৃপক্ষ সন্দেহভাজনদের আটক করতে অস্বীকৃতি জানানোর কারণেই শনিবার এই অভিযান চালানো হয়েছে।

এদিকে নগর কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, অভিবাসন বিষয়ে আইনি নির্দেশনা চাওয়া ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রস্তুত বেশ কয়েকটি সংস্থা রয়েছে।

তারা বলছে, এ ধরনের অভিযান শার্লটে ভয় এবং অনিশ্চয়তার সৃষ্টি করেছে কারণ অন্যান্য শহরে একই ধরণের অভিযানের ফলে অপরাধমূলক রেকর্ড ছাড়াই লোকজনকে আটক করা হয়েছে।

সমালোচকরা এই অভিযানকে সংবিধানিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন, তবে রিপাবলিকান নেতারা এটাকে সীমানা নিরাপত্তার অংশ হিসেবে সমর্থন করেছেন।

এই অভিযান যুক্তরাষ্ট্র সরকারের বড় অভিবাসন নীতি সংস্কার অভিযানের ধারাবাহিক অংশ। এর আগে লস অ্যাঞ্জেলেস, শিকাগো, পোর্টল্যান্ড এবং নিউ ইয়র্কের মতো বড় শহরেও ফেডারেল কর্মীদের অভিযান চালাতে দেখা গেছে।

টিটিএন