ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে: মোদী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:২০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ফিলিস্তিনিদের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার (৩১ জানুয়ারি) নয়া দিল্লিতে ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান শাহিনের সঙ্গে সাক্ষাতের সময় এই কথা জানান মোদী।

শনিবার (৩১ জানুয়ারি) আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওই মন্ত্রীদের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী।

আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিতীয় ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বর্তমানে নয়া দিল্লিতে অবস্থান করছেন।

ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে মোদী ভারত ও আরব বিশ্বের গভীর এবং ঐতিহাসিক জনগণ-সম্পর্কের কথা তুলে ধরেন, যা দীর্ঘদিন ধরে দুই পক্ষের সম্পর্ককে অনুপ্রাণিত ও শক্তিশালী করে আসছে।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ভবিষ্যতে ভারত-আরব অংশীদারিত্বের রূপরেখা তুলে ধরেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য অগ্রাধিকারমূলক খাতে সহযোগিতা আরও জোরদার করার জন্য ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা উভয় পক্ষের মানুষের জন্যই উপকারী হবে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি ভারতের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন ও চলমান শান্তি প্রচেষ্টাকে স্বাগত জানান, যার মধ্যে গাজা শান্তি পরিকল্পনাও রয়েছে।

বৈঠকে মোদী আরব লিগের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন, যারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে আসছে।

সূত্র: দ্য হিন্দু

এসএএইচ