ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানে পৃথক ২ বিস্ফোরণে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণ ইরানে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বন্দরনগরী বন্দর আব্বাসে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে এই বিস্ফোরণগুলো ঘটে।

এদিকে, স্থানীয় কর্মকর্তারা এই ঘটনাগুলোর জন্য গ্যাস লিকেজকে দায়ী করলেও, স্থানীয় বাসিন্দারা এ দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন। আবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বন্দর আব্বাসের বিস্ফোরণটি তাদের নৌবাহিনীর কমান্ডারকে লক্ষ্য করে ঘটেছে- এমন গুজব অস্বীকার করেছে।

অন্যদিকে, এসব বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দুই ইসরায়েলি কর্মকর্তা বলেন, এসব বিস্ফোরণে ইসরায়েলের কোনো ভূমিকা নেই।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণের বন্দরনগরী বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ১৪ জন আহত হন। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে গ্যাস লিকেজজনিত আরেকটি বিস্ফোরণে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উভয় ঘটনার তদন্ত চলছে ও তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

স্থানীয় ফায়ার সার্ভিসের প্রধান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিক থেকেই বিস্ফোরণটি ঘটেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও একই তথ্য প্রকাশ করেছে। তবে ইরান ইন্টারন্যাশনালের কাছে পাওয়া এক ভিডিওতে এক বাসিন্দা দাবি করেন, ভবনটিতে তখনো গ্যাস সংযোগ চালু হয়নি। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। এর দুটি তলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ও আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, তাসনিম নিউজ

এসএএইচ