রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক শুরু
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছবি: আনাদোলু এজেন্সি
প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই আলোচনা শুরু হয়। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এসব তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উমেরভ জানিয়েছেন, প্রথমে ত্রিপক্ষীয় বৈঠক হচ্ছে এবং পরে নির্দিষ্ট ইস্যুভিত্তিক আলাদা আলাদা গ্রুপে আলোচনা চলবে। এসব আলোচনার পর অবস্থান সমন্বয়ের জন্য আবার যৌথভাবে আলোচনা হবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্পষ্ট নির্দেশনার আলোকে আমরা সম্মানজনক ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে কাজ করছি। আলোচনার প্রতিটি ধাপের অগ্রগতি রাষ্ট্রপ্রধানকে জানানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত ২৩–২৪ জানুয়ারি আবুধাবিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেছিল কিয়েভ ও ওয়াশিংটন। তবে মস্কো জানিয়েছিল আলোচনা ইতিবাচকভাবে শুরু হলেও সামনে এখনও অনেক কাজ বাকি।
দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
আলোচনা শুরুর পর ক্রেমলিন জানিয়েছে, আজকের আলোচনার ফলাফল নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরিকল্পনা নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, শান্তিপূর্ণ সমাধানের দরজা খোলা রয়েছে তবে কিয়েভ যথাযথ সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত রাশিয়া তাদের তথাকথিত বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ৪ কিলোমিটার সাঁতরে সমুদ্রে ভেসে যাওয়া মা-ভাইবোনকে বাঁচালো কিশোর
- ২ ক্ষমতাবানদের সহযোগী যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন আসলে কে?
- ৩ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দ্বিতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক শুরু
- ৪ মোদীর ইসরায়েলপ্রীতি ও এপস্টেইন ফাইল বিতর্ক
- ৫ স্পেনে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার সীমিত, ‘স্বৈরাচারী’ বললেন মাস্ক