অশান্ত বেলুচিস্তান, পাক সামরিক অভিযানে নিহত ২১৬
অশান্ত বেলুচিস্তান/ ছবি: এএফপি
পাকিস্তান সেনাবাহিনীর সপ্তাহব্যাপী নিরাপত্তা অভিযানে দেশটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বালুচিস্তান প্রদেশে ২১৬ জন বিদ্রোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে।
পাক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এর প্রদেশব্যাপী হামলার জবাবে সেনাবাহিনী ‘অপারেশন রদ্দ-উল-ফিতনা-১’ চালায়। এই অভিযানে ‘সতর্ক পরিকল্পনা’ এবং ‘কার্যকর গোয়েন্দা তথ্য’ এর ভিত্তিতে সন্ত্রাসী স্লিপার সেলের বিরুদ্ধে ধারাবাহিক তল্লাশি ও নির্মূল করা হয়।
অভিযান ২৯ জানুয়ারি থেকে শুরু হয়। বিএলএ দাবি করেছিল যে, তারা স্কুল, ব্যাংক, বাজার এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে এক সমন্বিত হামলা চালিয়েছিল।
সেনাবাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে ২১৬ সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে সন্ত্রাসী নেটওয়ার্কের নেতৃত্ব, কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল এবং কার্যক্ষমতাকে ব্যাপকভাবে দুর্বল করেছে। এছাড়াও বিদেশি উৎপত্তির অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও সরঞ্জামের বড় ভাণ্ডার উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, এই যোদ্ধারা সিস্টেম্যাটিক বহিরাগত সহায়তা ও লজিস্টিক সাপোর্ট পেয়েছিল।
জানা গেছে, অভিযান চলাকালে ৩৬ সাধারণ মানুষ নিহত হয়েছে যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী ২২ জন কর্মী নিহত হয়েছেন।
বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বহু দশক ধরে চলে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বাড়ছে। এই প্রদেশের সশস্ত্র গোষ্ঠীগুলো দাবি করছে যে, তারা সম্পদ-সমৃদ্ধ প্রদেশের শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ করছে।
বালুচিস্তান কয়লা, সোনা, তামা এবং গ্যাসে সমৃদ্ধ যা কেন্দ্রীয় সরকারের জন্য আর্থিকভাবে লাভবান হতে সাহায্য করছে।
সরকার বলছে, এই অঞ্চলগুলোর সশস্ত্র গোষ্ঠী নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী এবং নাগরিকসহ চীনা প্রকল্পকর্মীদের ওপর হামলা চালিয়েছে। ২০২৫ সালে বিচ্ছিন্নতাবাদীরা একটি ট্রেন লক্ষ্য করে হামলা চালায়, যা দুই দিনের অবরোধের মধ্যে অনেকজনের মৃত্যুর কারণ হয়।
বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফরাজ বুগ্টি সাংবাদিকদের বলেন, ‘গত ১২ মাসে বালুচিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে ৭০০-এরও বেশি বিদ্রোহী সদস্য নিহত হয়েছেন। যার মধ্যে মাত্র শেষ দুই দিনে প্রায় ৭০ বিদ্রোহী নিহত হয়েছে। বিদ্রোহীদের হামলা আমাদের সন্ত্রাসবিরোধী সংকল্পকে দুর্বল করতে পারবে না।’
তিনি প্রতিবেশী ভারত ও আফগানিস্তানকে এই যোদ্ধাদের সমর্থন দেওয়ার অভিযোগ করেছেন যদিও প্রথম থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে নয়াদিল্লি ও কাবুল ।
সূত্র: আল-জাজিরা
কে এম