ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভোররাতে ভারতে কয়েক দফা ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়া স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:১৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের সিকিম রাজ্যের নামচি এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ ফেব্রুয়ারি ভোররাতে অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা কম্পনে কেঁপে উঠেছে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকেই ঘর ছেড়ে রাস্তায় অবস্থান নিয়েছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এনসিএস) এ তথ্য জানিয়েছে।

এনসিএস এর তথ্যমতে, ভূমিকম্পটি ভোর ৩টা ১১ মিনিট ৩০ সেকেন্ডে অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে।

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ৩৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ৪২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, নামচি, সিকিম এলাকায়।

বিশেষজ্ঞরা বলছেন, অগভীর গভীরতায় সৃষ্ট ভূমিকম্প সাধারণত কম মাত্রার হলেও ভূ-পৃষ্ঠে তুলনামূলকভাবে বেশি কম্পন সৃষ্টি করতে পারে।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘরের ভেতরে স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে ভূমিকম্পজনিত প্রাকৃতিক বিপর্যয় বেড়েছে। গত ৪ ফেব্রুয়ারি মিয়ানমার, বাংলাদেশ ও তিব্বতসহ প্রতিবেশী কয়েকটি দেশে ভূমিকম্পের পর ভারতের কলকাতার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

কে এম