ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

স্কুলে গোলাগুলি, ইউরোপ সফর বাতিল করলেন কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৩১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কানাডার একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ইউরোপ সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় মঙ্গলবার পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকার একটি স্কুলে হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর প্রধানমন্ত্রী কার্নি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের জন্য তার পূর্বপরিকল্পিত সফর স্থগিত করছেন বলে তার কার্যালয় জানিয়েছে। খবর এএফপির।

প্রধানমন্ত্রীর কার্যালয় এএফপিকে জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ থেকে আসা মর্মান্তিক সংবাদের পর, প্রধানমন্ত্রী... আপাতত দেশের বাইরে তার পরিকল্পিত ভ্রমণ স্থগিত করবেন। কার্নি এর আগে বুধবার থেকে রোববার পর্যন্ত মিউনিখে থাকার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) নিশ্চিত করেছে যে, ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে গুলিবর্ষণে বন্দুকধারীসহ ১০ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

কানাডার সিবিসি পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, টাম্বলার রিজের হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছে।

সিবিসি আরও জানিয়েছে, অন্যত্র আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে যে, তারা মনে করেন ওই দুজনের মৃত্যুও গুলিবর্ষণের কারণে হয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ‌‌‘টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারীরা’ হামলা চালিয়েছে। নিহত এক ব্যক্তিকে বন্দুকধারী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হয়েছেন।

টিটিএন