পাকিস্তান-ভারত সংঘাতের বিষয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
পাকিস্তান-ভারত সংঘাতের বিষয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প/ ছবি: এএফপি (ফাইল)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংঘাতের সময় মোট ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। এর আগে তিনি এই সংখ্যাটি কম বলেছিলেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
সাক্ষাৎকারে বাণিজ্য নীতি ও শুল্ক ব্যবহার করে আন্তর্জাতিক সংকট সমাধানের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি আটটি যুদ্ধের সমাধান করেছি। এর মধ্যে অন্তত ছয়টি সমাধান হয়েছে শুল্ক আরোপের হুমকির কারণে।
তিনি বলেন, আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমি শুল্ক আরোপ করবো। কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।
পাকিস্তান ও ভারতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার মতে, এটি পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারতো। তারা সত্যিই একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। দশটি বিমান ভূপাতিত হয়েছিল।
এর আগে ট্রাম্প বিভিন্ন সময়ে বলেছেন, এই সংঘাতে পাঁচটি, পরে সাতটি এবং এরপর আটটি বিমান ভূপাতিত হয়েছিল। এবার তিনি সেই সংখ্যা বাড়িয়ে ১০ বললেন।
সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নাকি তাকে বলেছেন, তিনি যুদ্ধ বন্ধ করে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।
ট্রাম্প আরও বলেন, আমার মতে, তারা পারমাণবিক যুদ্ধের দিকেই যাচ্ছিল। শুল্কের চাপ না থাকলে এই যুদ্ধবিরতি হতো না।
এছাড়া তিনি আর্মেনিয়া ও আজারবাইজানের দীর্ঘদিনের সংঘাত কমাতে নিজের ভূমিকার কথাও উল্লেখ করেন এবং বলেন, গত ৫০ বছরে যুক্তরাষ্ট্রের আগের সব প্রেসিডেন্ট বাণিজ্যের ক্ষেত্রে ব্যর্থ ছিলেন, কিন্তু তিনি নন।
সূত্র: ডন
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে মুসলিম ও পশ্চিমা বিশ্ব
- ২ এক প্রশ্নে ব্রেক্সিট, ৪ প্রশ্নে বাংলাদেশ: গণভোটের বৈশ্বিক গল্প
- ৩ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ করলো ভারত
- ৪ পাকিস্তান-ভারত সংঘাতের বিষয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
- ৫ এপেস্টেইন ফাইলে নাম থাকায় ডিপি ওয়ার্ল্ডে বিনিয়োগ বাতিল কানাডার