ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

কানাডার স্কুলে বন্দুক হামলার নেপথ্যে ১৮ বছরের ট্রান্সজেন্ডার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলর রিজ কমিউনিটির একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ৯ জন নিহত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে ১০ জন নিহতের খবর জানানো হলেও পরে পুলিশ মৃতের সংখ্যা কমিয়ে ৯ জন বলে জানিয়েছে। এ জঘন্য কাণ্ডটি ঘটিয়েছে ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার নামের এক ট্রান্সজেন্ডার। হামলার পর তিনি নিজেও আত্মহত্যা করেছেন।

পুলিশ জানিয়েছে, জেসি ভ্যান রুটসেলারের জন্ম পুরুষ হিসেবে হলেও ছয় বছর আগে সে নিজেকে নারী হিসেবে পরিচয় দিতে শুরু করে।

পুলিশ বুধবার (১১ ফেব্রুয়ারি) জানিয়েছে, সন্দেহভাজন ১৮ বছর বয়সী তরুণী মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি হামলার আগে তার মা এবং ১১ বছর বয়সী সৎ ভাইকে হত্যা করেছেন। পরে তিনি তার আগের স্কুলে গিয়ে একজন ৩৯ বছর বয়সী নারী শিক্ষক এবং তিন জন ১২ বছর বয়সী মেয়ে ও দুই জন ছেলে শিক্ষার্থীকে হত্যা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বড় বন্দুক ও হ্যান্ডগান উদ্ধার করেছে।

ব্রিটিশ কলাম্বিয়ার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমিশনার ডোয়েন ম্যাকডোনাল্ড জানিয়েছেন, সন্দেহভাজনকে অতীতে মানসিক স্বাস্থ্যের মূল্যায়নের জন্য প্রদেশীয় মেন্টাল হেলথ অ্যাক্ট অনুযায়ী আটক করা হয়েছিল। আমরা তার পরিবারের ঠিকানায় বহুবার বিষয়টি জানিয়েছি।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি সংবাদ সম্মেলনে আবেগপ্রবণভাবে বলেছেন, আমরা এ শোক কাটিয়ে উঠব এবং শিক্ষণীয় পাঠ গ্রহণ করব।
এ হামলার কারণে কারনি তার পূর্ব নির্ধারিত ইউরোপ সফর স্থগিত করেছেন এবং দেশের সব সরকারি ভবনে পরবর্তী সাত দিনের জন্য পতাকা অর্ধ-নর্মিত রাখার নির্দেশ দিয়েছেন।

এ হামলার পর কানাডার হাউস অফ কমন্সে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধানমন্ত্রী কারনি জানিয়েছেন, টাম্বলর রিজ কানাডার সেরা বৈশিষ্ট্যগুলোর প্রতিফলন। এই হত্যাকাণ্ড দেশকে শোকাহত করেছে।

সূত্র: রয়টার্স

কেএম