দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
ফাইল ছবি
ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কারাবন্দি অবস্থায় নানা জটিলতার কারণে তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট রয়েছে।
ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার এমন দাবি করেছেন। তিনি অভিযোগ করেছেন, টানা তিন মাস অভিযোগ জানানোর পরও কারা কর্তৃপক্ষ তার চোখের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেয়নি।
গত ১০ ফেব্রুয়ারি দুই ঘণ্টা ধরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ এবং কারাগার পরিদর্শন করেন সালমান সাফদার। এরপর বুধবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টে সাত পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেন ওই আইনজীবী।
সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান গত তিন মাসে দ্রুত দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং এক পর্যায়ে তার ডান চোখে হঠাৎ সম্পূর্ণ দৃষ্টি চলে যায়।
গত ৬ ফেব্রুয়ারির একটি মেডিকেল রিপোর্টে তার রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন রোগ নির্ণয় করা হয়। এ রোগে চোখে রক্ত জমাট বেঁধে রেটিনার মারাত্মক ক্ষতি করতে পারে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, চিকিৎসায় আরও বিলম্ব হলে ইমরান খানের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। এতে তার ব্যক্তিগত চিকিৎসকসহ বিশেষজ্ঞদের মাধ্যমে দ্রুত স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার পর সুপ্রিম কোর্ট দ্রুত ব্যবস্থা নিয়ে ইমরান খানের চোখ পরীক্ষা করতে একটি মেডিকেল টিম গঠনের নির্দেশ দিয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যে অবস্থানরত তার দুই ছেলের সঙ্গে ফোনে যোগাযোগের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি বলেন, ইমরার খানের স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন ছিল।
সূত্র: আল-জাজিরা
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
- ২ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের
- ৩ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
- ৪ রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ
- ৫ ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের