কলকাতায় পুলিশের জালে ভিসা জালিয়াতি চক্র, বাংলাদেশিসহ গ্রেফতার ২
ছবি: উইকিপিডিয়া
ভিসা পাইয়ে দেওয়ার নামে বাংলাদেশি নাগরিকদের আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগে কলকাতার নিউটাউন এলাকায় পুলিশের জালে ধরা পড়েছে দুই অভিযুক্ত। টেকনোসিটি থানার পুলিশ তাদের গ্রেফতার করেছেন।
গ্রেফতার হওয়া একজনের নাম হুমায়ুন কবির। তিনি নেত্রকোনা জেলার মামুদপুরের বাসিন্দা। অন্যজনের নাম অচিন্ত্য কুমার পাল। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, রাজিব লস্কর ও জুনায়েদ মিঞা বৈধ ভিসায় ভারতে এসেছিলেন। তুরস্কে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেই সূত্রেই হুমায়ুন স্থানীয় দালাল অচিন্ত্য পালের সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দেয়।
প্রতিশ্রুতি মতো টাকা দিলেও প্রতারণাকারীরা আরও ৩ লাখ ভারতীয় রুপি দাবি করে। সেই অর্থ দিতে না পাড়ায় তাদের আটকে রাখে জালিয়াত চক্রটি।
আরও জানা গেছে, বাংলাদেশ থেকে মেডিকেল বা অন্যান্য ভিসায় ভারতে আসা এবং ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া নাগরিকদের টার্গেট করত এই চক্রটি। ভিসা নবায়ন বা অন্য দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হতো। টাকা না দিলে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হত বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় আইন মোতাবেক একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) আটককৃতদের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত আদালতে তোলা হলে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়।
তদন্তকারীরা জানিয়েছেন, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কতদিন ধরে তারা সক্রিয় ছিল, তা জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিককেও জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ডিডি/কেএম