ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

সব পক্ষকে ‘সংযম’ থাকতে রাশিয়ার সতর্ক বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও সংশ্লিষ্ট সব পক্ষকে ‘সংযম ও সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মস্কোয় এক সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে আমরা আমাদের ইরানি বন্ধু ও অঞ্চলের সব পক্ষকে সংযম ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই। যেকোনো ইস্যু সমাধানে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।’

তিনি বলেন, বর্তমানে অঞ্চলে উত্তেজনার মাত্রা অভূতপূর্ব হলেও মস্কো আশা করছে, সমাধান খোঁজার ক্ষেত্রে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক পথই প্রাধান্য পাবে।

পেসকভের এমন মন্তব্যের আগে, ওমানের মধ্যস্থতায় জেনেভায় দ্বিতীয় দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই কিছু অগ্রগতির কথা স্বীকার করেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনাকে কিছু ক্ষেত্রে ফলপ্রসূ বলে উল্লেখ করলেও বলেন, ট্রাম্পের নির্ধারিত কিছু ‘রেড লাইন’ নিয়ে তেহরান এখনো আলোচনায় রাজি নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আলোচনা অগ্রগতি দেখিয়েছে এবং পরিবেশ ছিল আরও গঠনমূলক।

অন্যদিকে ওয়াশিংটন অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন রয়েছে এবং ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে আসছে। পাশাপাশি অতিরিক্ত যুদ্ধবিমানও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ওমানের মাসকাটে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়া

পেসকভ রাশিয়া ও ইরানের যৌথ নৌ-মহড়ার বিষয়েও মন্তব্য করেছেন।ইরান জানিয়েছে, ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহস্পতিবার এ মহড়া অনুষ্ঠিত হবে। পেসকভ বলেন, মহড়াটি আগেই পরিকল্পিত ও সম্মত ছিল।

বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা চললেও সামরিক প্রস্তুতি ও মহড়া পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলছে, ফলে সংঘাত এড়াতে সব পক্ষের সতর্ক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি
কেএম