ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে এআই সম্মেলনে এবার মোদী-বিরোধী বিক্ষোভ, গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

ভারতের রাজধানী দিল্লিতে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিটে মোদী-বিরোধী বিক্ষোভের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

পুলিশের দাবি, সম্মেলনস্থলের ভেতরে ‘শার্ট খুলে প্রতিবাদ’ করে সরকার ও ভারত-যুক্তরাষ্ট্র চুক্তির বিরুদ্ধে স্লোগান তোলেন ভারতীয় যুব কংগ্রেস (আইওয়াইসি)–এর কয়েকজন কর্মী। তাদের টি-শার্টে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ছিল।

গ্রেফতার চারজন হলেন—কৃষ্ণ হরি (বিহার থেকে যুব কংগ্রেসের জাতীয় সম্পাদক), কুন্দন যাদব (বিহার রাজ্য সম্পাদক), অজয় কুমার (উত্তর প্রদেশের রাজ্য সভাপতি) এবং তেলেঙ্গানার নরসিমা যাদব। তাদের পাটিয়ালা হাউজ কোর্টে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের হচ্ছে।

আরও পড়ুন>>
অনলাইনে কেনা চীনা রোবটকে ‘নিজেদের তৈরি’ দাবি ভারতীয় বিশ্ববিদ্যালয়ের
চীনা রোবটকে নিজেদের দাবি, ভারতীয় বিশ্ববিদ্যালয়কে স্টল ছাড়ার নির্দেশ

পুলিশ জানায়, অভিযুক্তরা নিরাপত্তাকর্মী ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। এ ঘটনায় বৃহত্তর কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে প্রায় ১৫ জনকে আটক করে তিলক মার্গ থানায় নেওয়া হয়। এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজেপির অভিযোগ, কংগ্রেসের পাল্টা বক্তব্য

ঘটনার পর কংগ্রেসকে তীব্রভাবে আক্রমণ করে বিজেপি। দলটির অভিযোগ, সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ইন্ধনে ভারতের বৈশ্বিক ভাবমূর্তি নষ্ট করতে এই ‘হট্টগোল’ সৃষ্টি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করে ভারতীয় যুব কংগ্রেস জানায়, তারা এআই সম্মেলনের বিরুদ্ধে নয়, বরং দেশের স্বার্থবিরোধী আপসের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তাদের দাবি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কণ্ঠরোধ করা হচ্ছে; ফলে সম্মেলনের ভেতরেই তারা অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

পোস্টে তারা আরও বলে, ‘দেশের কৃষক ও যুবকদের স্বার্থ বিসর্জন দেওয়া হলে আমরা চুপ থাকবো না।’

কীভাবে ঢুকলেন বিক্ষোভকারীরা?

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা অনলাইনে নিবন্ধন করে কিউআর কোড সংগ্রহ করেছিলেন। তারা জ্যাকেটের নিচে আপত্তিকর লেখা-ছাপা টি-শার্ট পরে হলে প্রবেশ করেন। পরে হল নম্বর ৫–এর লবির কাছে জ্যাকেট খুলে বিক্ষোভ শুরু করেন।

ঘটনার পর সম্মেলনস্থলের ভেতরে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে দিল্লি পুলিশ।

১৬–২০ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নিচ্ছেন।

গত বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উদ্বোধনের পর থেকেই নানা অব্যবস্থাপনা এবং একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় চীনা রোবটকে নিজেদের তৈরি দাবি করা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়।

সূত্র: দ্য হিন্দু
কেএএ/