সাড়ে ৫৭ কোটি পাউন্ডে টেলিগ্রাফ মিডিয়া কিনে নিচ্ছে অ্যাক্সেল স্প্রিংগার
টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ কিনে নিচ্ছে জার্মান কোম্পানি অ্যাক্সেল স্প্রিংগার/ ছবি: এক্স (সাবেক টুইটার) থেকে সংগৃহীত
মিডিয়া প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিংগার ৫৭৫ মিলিয়ন বা সাড়ে ৫৭ কোটি পাউন্ডের চুক্তিতে ব্রিটিশ মিডিয়া গ্রুপ ‘টেলিগ্রাফ’ কিনতে সম্মত হয়েছে। এমনকি, সব অর্থ নগদে দেওয়া হবে বলে চুক্তি করেছে জার্মান এই কোম্পানিটি।
অ্যাক্সেল স্প্রিংগার একই সঙ্গে পলিটিকো ও বিজনেস ইনসাইডারের মতো প্রভাবশালী সংবাদমাধ্যমেরও মালিক। জানা গেছে, তারা সম্পূর্ণ নগদ অর্থে ডেইলি টেলিগ্রাফ ও সানডে টেলিগ্রাফ কিনে নেওয়ার চুক্তিতে সম্মত হয়েছে।
এর আগে গত বছর ডেইলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট (ডিএমজিটি) ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি পাউন্ডে দ্য টেলিগ্রাফ কেনার জন্য একটি চুক্তি করেছিল। তবে আবুধাবি-সমর্থিত কনসোর্টিয়াম রেডবার্ড আইএমআই এখন ব্যবসাটি জার্মানিভিত্তিক এই মালিকের কাছে বিক্রি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে।
যুক্তরাজ্য সরকার বিদেশি মালিকানা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেডবার্ড আইএমআইয়ের অধিগ্রহণ প্রচেষ্টা আটকে দেওয়ার পর টেলিগ্রাম মিডিয়া গ্রুপকে ব্যবসা বিক্রি করতে হচ্ছে।
অ্যাক্সেল স্প্রিংগারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনার বলেন, ২০ বছরেরও বেশি সময় আগে আমরা দ্য টেলিগ্রাফ অধিগ্রহণের চেষ্টা করেছিলাম, কিন্তু সফল হইনি। এখন আমাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে।
তিনি বলেন, ব্রিটিশ মানসম্মত সাংবাদিকতার এই প্রতিষ্ঠানটির মালিক হওয়া একদিকে যেমন বিশেষ সম্মানের, তেমনি বড় দায়িত্বও।
ডপফনার আরও বলেন, আমরা দ্য টেলিগ্রাফকে আরও বড় করতে চাই, তবে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য ও ঐতিহ্য বজায় রেখেই। আমরা চাই এটি ইংরেজিভাষী বিশ্বের সবচেয়ে বেশি পড়া ও বুদ্ধিবৃত্তিকভাবে অনুপ্রেরণাদায়ক সেন্টার-রাইট (ডানপন্থি ও মধ্যপন্থির মিশ্রন) মিডিয়া আউটলেটে পরিণত হোক।
তিনি বলেন, দ্য টেলিগ্রাফ স্বাধীনতা, ব্যক্তিগত দায়িত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্মুক্ত সমাজ ও বাজার অর্থনীতির প্রতি বিশ্বাসের প্রতিনিধিত্ব করে।
এই চুক্তির মাধ্যমে দৈনিক এই সংবাদ ব্র্যান্ডটির ভবিষ্যৎ মালিকানা নিয়ে তিন বছরের অনিশ্চয়তার অবসান ঘটছে। এটি অ্যাক্সেল স্প্রিংগারের জন্য বড় ধরনের সম্প্রসারণ হিসেবেও বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটির মালিকরা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বিস্তারের চেষ্টা চালিয়ে আসছেন।
কোম্পানিটি প্রথম ২০০৪ সালে টেলিগ্রাফ কেনার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তখন বার্কলে ব্রাদার্সের ৬৬৫ মিলিয়ন বা ৬৬ কোটি ৫০ লাখ পাউন্ডের প্রস্তাবের কাছে তারা হেরে যায়।
২০০২ সাল থেকে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা ডপফনার আগে আবারও এই পত্রিকাটি কেনার চেষ্টা করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি সে সময় ডিজিটাল-নির্ভর মিডিয়ার প্রতি আগ্রহের কথাও উল্লেখ করেছিলেন।
অ্যাক্সেল স্প্রিংগারের মালিকানায় ইউরোপের বৃহত্তম পত্রিকা বিল্ড ও দৈনিক পত্রিকা ডি ভেল্টও রয়েছে। কোম্পানিটির সদরদপ্তর জার্মানির রাজধানী বার্লিনে।
২০১৫ সালে প্রতিষ্ঠানটি ফিন্যান্সিয়াল টাইমস অধিগ্রহণের চেষ্টাও করেছিল। তবে তখন জাপানের শীর্ষস্থানীয় মিডিয়া গ্রুপ নিক্কেইর ৮৪৪ মিলিয়ন বা ৮৪ কোটি ৪০ লাখ পাউন্ডের প্রস্তাবের কাছে তারা পরাজিত হয়।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট
এসএএইচ