ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

কলকাতার নিউমার্কেটে জমজমাট ইফতার বাজার

পশ্চিমবঙ্গ প্রতিনিধি | প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৪ মার্চ ২০২৬

পবিত্র রমজান মাস ঘিরে কলকাতায় নিউমার্কেট চত্বরে ইফতারের বাজার জমজমাট হয়ে উঠেছে। সেখানে মুসল্লিদের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। কেউ স্থানীয়, কেউ শহরের অন্য প্রান্ত থেকে এসেছেন, কেউ বা প্রতিবেশী বাংলাদেশ থেকে এসেছেন। কিন্তু তারা সবাই ইফতার কিনতে কলকাতার নিউমার্কেটে সম্পর্ক মলের সামনে জমায়েত হয়েছেন।

যদিও গত এক বছর ধরে দুই দেশের ভিসা জটিলতার কারণে কলকাতায় বাংলাদেশের পর্যটক আসা অনেকাংশে কমে গেছে। তবে মেডিকেল ভিসায় আসা হাতে গোনা কিছু পর্যটকের দেখা মিলেছে। তারাও কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেটের সম্পর্ক মলের সামনে বসে পবিত্র রমজান মাসের ইফতার করছেন।

jagonews24.com

কলকাতা নিউ মার্কেট চত্বর রমজান উপলক্ষে ইফতারের জন্য বিশেষ সুস্বাদু খাবার এবং কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে। হরেক রকমের খেজুর, শরবত, কাবাব, হালিম, ফলমূল, বিভিন্ন রকমারি মুখরোচক ভাজাপোড়া, ইফতারের সামগ্রিক কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

jagonews24.com

তবে অনেক বাংলাদেশি পর্যটক কলকাতা নিউমার্কেট চত্বরের বাজার থেকে নানা পদের ইফতারি কিনে হোটেলে গিয়ে ইফতার করেন।

বাংলাদেশের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা সালাউদ্দিন মারুফ মেডিকেল ভিসায় কলকাতায় চিকিৎসা করাতে এসছেন। কলকাতা নিউ মার্কেট চত্বরের সম্পর্ক মলের সামনে বসে ইফতার করেন তিনি। ইফতার শেষে সালাউদ্দিন মারুফ বলেন, চিকিৎসা করাতে এসেছি। কিছুক্ষণ আগেই ডাক্তার দেখিয়ে ফিরলাম।

jagonews24.com

সারাদিন রোজা রাখার পর এখানে ইফতার করলাম। নিউমার্কেট চত্বরে এই এলাকা থেকেই খেজুর, ফল, বুট, শরবত, পিঁয়াজু, বেগুনি, মুড়ি কিনে ইফতার করলাম। এরপরেই পরিবারের জন্য ঈদের কেনাকাটা করে একদিন পরেই দেশে ফিরবো। আমরা চাই ভিসা জটিলতা দ্রুত সমাধান হোক এবং দুই দেশের সম্পর্ক আরও উন্নত হোক।

ডিডি/টিটিএন