ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

নেতানিয়াহু কি বেঁচে আছেন?

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৬ মার্চ ২০২৬

ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে। অনেকেই ছবি পোস্ট করে দাবি করছেন যে, নেতানিয়াহু আর বেঁচে নেই। এমন জল্পনার মধ্যেই হাতে কফির কাপ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন নেতানিয়াহু।

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওতে নেতানিয়াহুকে বেশ আনন্দ নিয়ে কফি পান করতে দেখা গেছে। রোববার নেতানিয়াহুর পোস্ট করা ওই ভিডিওতে তাকে এক কাপ কফি নিয়ে এক সহযোগীর সঙ্গে কথা বলতে দেখা গেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিওটি জেরুজালেমের শহরতলীর একটি ক্যাফেতে ধারণ করা হয়েছে। এতে নেতানিয়াহুর সহযোগী তাকে তার মৃত্যুর গুজব সম্পর্কে জিজ্ঞেস করেন।

সে সময় বেশ তিনি একটি হিব্রু বাগধারা ব্যবহার করে রসিকতা করে বলেন, আমি মরে গেছি...কফির জন্য (অর্থাৎ আমি কফির জন্য পাগল)। আপনারা জানেন কি? আমি আমার জনগণের জন্য ‘মরছি’।

ওই ভিডিওতে ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আপনারা বাইরে বের যান, নির্মল বাতাস গ্রহণ করুন। তবে অবশ্যই সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকবেন। আপনাদের এই মনোবল আমাকে, সরকারকে, আইডিএফ এবং মোসাদকে শক্তি জোগাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা এমন কিছু কাজ করছি যা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমরা আজও ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করেছি। আপনারা কি আমাকে লড়াই চালিয়ে যেতে বলছেন? আমি আপনাদের বলছি, আপনারাও লড়াই চালিয়ে যান।

সম্প্রতি নেতানিয়াহুর মৃত্যুর গুজবের পাশাপাশি বেশ কিছু ভিডিও পোস্ট করে দাবি করা হয় যে, এসব ভিডিওতে তার হাতে ৬টি আঙুল দেখা যাচ্ছে। অর্থাৎ নেতানিয়াহু মারা গেছেন এবং এই সত্য ধামাচাপা দিতে এআই দিয়ে তৈরি তার ভিডিও প্রচার করা হচ্ছে। কিন্তু কফি শপের ওই ভিডিওতে রসিকতা করে নেতানিয়াহু তার দুই হাতের ১০ আঙুল স্পষ্ট করে দেখান। অর্থাৎ তিনিও মজা করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখনো বেঁচে আছেন। 

টিটিএন