অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ চলাচল করতে দেবে ইরান
ইরানের পতাকা (ফাইল ছবি) ফাইল ছবি।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে সীমিত আকারে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা গেছে, অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী জাহাজগুলোকে এই প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হবে। তবে কোন কোন পণ্য অত্যাবশ্যকীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।
এছাড়া যেসব দেশকে ইরান শত্রু হিসেবে বিবেচনা করে, তাদের জাহাজের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না সে বিষয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার প্রধানের কাছে পাঠানো এক নির্দেশনায় বাণিজ্য উন্নয়ন বিভাগের কর্মকর্তা হুমান ফাথি জানিয়েছেন, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পশুখাদ্য বহনকারী জাহাজগুলো প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত মূলত ইরানি বন্দরের দিকে আসা বা এরই মধ্যে ওই অঞ্চলে অবস্থানরত জাহাজগুলোর জন্য প্রযোজ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত প্রটোকল অনুযায়ী এসব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, চলাচলের জন্য প্রস্তুত জাহাজগুলোর একটি তালিকাও সমন্বয়ের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ সিদ্ধান্ত আংশিকভাবে বাণিজ্য ও সরবরাহ চেইন সচল রাখার চেষ্টা হলেও, হরমুজ প্রণালিতে সামগ্রিক অনিশ্চয়তা এখনও কাটেনি। ফলে বৈশ্বিক জ্বালানি ও পণ্যবাজারে অস্থিরতা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সূত্র: সিএনএন
এমএসএম