ইতালিতে ভূমিকম্পে বরফ ধসে বহু হতাহতের আশঙ্কা
ইতালির মধ্যাঞ্চলে কয়েক দফার ভূমিকম্পে বরফের নিচে চাপা পড়েছে একটি হোটেল। দেশটির আব্রুজ্জো অঞ্চলের ওই হোটেলে অন্তত ৩০ জন ছিলেন। বরফ ধসের এ ঘটনায় অন্তত ৩০ জনের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে প্রথম ভূমিকম্প আঘাত হানে। এর পর আরো দুটি কম্পন অনুভূত হয়েছে দেশটিতে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ইতালিতে আঘাত হানা শক্তিশালী তিন ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৫.৩, ৫.৭ ও ৫.৩।
দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, বুধবার ইতালির জন্য একটি ‘কঠিন দিন’ ছিল। গত কয়েকদিনের তুষারপাতে ইতালির মধ্যাঞ্চল তিন ফুট তুষারে ঢাকা পড়েছে। কিছু কিছু এলাকা বিদ্যুৎবিহীন পড়েছে। এছাড়া এসব এলাকায় জরুরি সেবাও পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা বলছে, বরফে রাস্তা-ঘাট ঢাকা পড়েছে। আব্রুজ্জোর রিগোনিয়ানো হোটেলে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। 
এক উদ্ধারকারী কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা আনসা নিউজ অ্যাজেন্সি বলছে, সেখানে অনেক হতাহত হয়েছে। তারা জীবিতদের বের হয়ে আসার আহ্বান জানালেও হোটেলটি বরফে ঢাকা পড়ায় কোনো সাড়া পাচ্ছেন না।
তবে স্থানীয় অন্য একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বরফ ধসে চাপা পড়া হোটেলটি থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সূত্র : দ্য টেলিগ্রাফ, বিবিসি।
এসআইএস/জেআইএম