ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাচ্চা ছেলের দুষ্টুমির ভিডিও দিয়ে বাবা-মাকে শেখাচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:২০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

চলন্ত লিফটের ভেতর দাঁড়িয়ে একটি বাচ্চা ছেলের লিফটের বাটনে প্রস্রাব করার ভিডিও ছড়িয়ে দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম অভিভাবকদের শিক্ষা দিচ্ছে তারা যেন সন্তানদের ভালোভাবে শিক্ষা দেয়।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় চীনা সোশ্যাল নেটওয়ার্ক সিনা উইবোতে ২৩ ফেব্রুয়ারি ভিডিওটি শেয়ার করেছে।

সেখানে তারা লিখেছে, দয়া করে আপনার সন্তানকে শিক্ষা দিন আর ভালোভাবে তার যত্ন নিন।

লিফটের বাটনে প্রস্রাব করার ফলে শর্ট সার্কিট হয়ে যায়। এর ফলে লিফটের আলো জ্বলা-নেভা শুরু হয় ও দরজাটি খুলে আবার বন্ধ হয়ে যায়। এর ফলে শিশুটা কিছুটা ভীত হয়ে পড়ে।

রাষ্ট্রীয় পিপল’স ডেইলির খবরে বলা হয়েছে, ছেলেটিকে পরে উদ্ধার করা হয়।

প্রভাবশালী বেইজিং নিউজ এ ঘটনার যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি ১ কোটি ২০ লাখের বেশি বার দেখা হয়েছে।

বেইজিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই শিশুর বাবা। তিনি বলছেন, তার ছেলে এত উপরে প্রস্রাব করতে পারবে না। তিনি এটা বিশ্বাস করেন না। তার ছেলেও ঘটনার কথা স্বীকার করেনি।

২০ হাজারের বেশি উইবো ব্যবহারকারী ভিডিওটিতে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, সে পরিবার থেকে কোনো শিক্ষা পাইনি। আরেকজন লিখেছেন, শিশুটির অভিভাবকদের উচিৎ ক্ষতিপূরণ দেয়া। এ মন্তব্যটিতে ১১ হাজারের বেশি লাইক পড়েছে।

অনেকে আবার এর মধ্যে একটা মজাও খুঁজে পেয়েছেন। এমন একজন ব্যবহারকারী লিখেছেন- এটাকে এত সিরিয়াসলি নেয়ার কিছু নেই। ও একটা বাচ্চা।

সূত্র: বিবিসি।

এনএফ/পিআর

আরও পড়ুন